ওলামা মাশায়েখ সম্মেলন থেকে হেফাজতের কর্মসূচি!

হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি ও সারা দেশে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে কঠোর অবস্থানে যেতে পারে সংগঠনটি। আজ বুধবার ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন থেকে আসতে পারে নতুন কর্মসূচি।

কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, দাবি আদায়ে একটা সময়সীমা বেঁধে দিয়ে সরকারের প্রতি আলটিমেটাম দেওয়া হতে পারে আজকের সম্মেলন থেকে। ওই সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে, পরবর্তী সময়ে আসতে পারে কঠোর কর্মসূচি।

হেফাজত নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, সংগঠনের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অন্তত ২০ নেতাকর্মী বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে মুফতি মুনির হোসাইন কাসেমী, মুফতি মাহমুদ গুনভী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ বেশ কজন শীর্ষস্থানীয় আলেম রয়েছেন। এ ছাড়া সারা দেশে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে আড়াই শতাধিক মামলা এখন চলমান রয়েছে। এসব মামলার আসামিদের বেশিরভাগই বিভিন্ন পর্যায়ের আলেম ও মাদ্রাসার ছাত্র। এর আগে সরকারের বিভিন্ন মহলে দেন-দরবার হলেও তাতে আশানুরূপ কোনো ফল আসেনি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে এ বিষয়ে সামনে এনেছিলেন হেফাজত নেতারা। এ ব্যাপারে বিভিন্ন ধরনের আশ^াস পেলেও বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি। এতে ক্ষোভ রয়েছে সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। তাই আগামী নির্বাচন সামনে রেখেই সরকারের সঙ্গে বিষয়টির ফয়সালা করতে চান তারা।

সংগঠনের একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত হেফাজতের নবগঠিত কেন্দ্রীয় কমিটির মজলিসে আমেলার বৈঠকে নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বৈঠকে সংগঠনের আলেমদের কারাগারে আটক থাকা ও মামলায় হয়রানিতে ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। বিশেষ করে সরকারবিরোধী হিসেবে পরিচিত কয়েকজন নেতা এ বিষয়ে সোচ্চার ছিলেন। ওই বৈঠক থেকেই নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার দাবিতে ২৮ অক্টোবর ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলনের কর্মসূচি ঘোষণা করা হয়। পরে একইদিন বিএনপি ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেওয়ার পর হেফাজতের কর্মসূচিতে পরিবর্তন এনে ওলামা মাশায়েখ সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয় ২৫ অক্টোবর।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দেশ রূপান্তরকে বলেন, ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে আলেমরা এতে উপস্থিত থাকবেন।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের বেশ কিছু আলেম ও কর্মী বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত সারা দেশে হেফাজতের বিরুদ্ধে প্রায় আড়াই শতাধিক মামলা করা হয়েছে। আমরা এসব মামলা প্রত্যাহার চাই এবং নেতাকর্মীদের মুক্তি চাই। এ দাবিতে ওলামা মাশায়েখ সম্মেলন।’ তিনি জানান, দাবি আদায়ে সম্মেলন থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। সংগঠনের সিনিয়র নেতারা বসে এ কর্মসূচি ঠিক করবেন।