দেশে ডেঙ্গুতে পুরুষ রোগীর সংখ্যা দেড় লাখ এবং মৃত্যু ৫৫০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে আরও ১ হাজার ৮৫২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ রোগী ১ হাজার ৯০ জন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত পুরুষ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৫ হাজার ৮৫৬ জন। এই সংখ্যা মোট রোগীর ৬০ শতাংশ। বাকি ৪০ শতাংশ বা ১ লাখ ৩ হাজার ৫৬ নারী রোগী।
পুরুষ শ্রেণির মধ্যে এ বছর ০-১৫ বছর বয়সী শিশুরা বেশি আক্রান্ত হয়েছে। এ সংখ্যা মোট আক্রান্তের ১৭ শতাংশ। এরপর বেশি আক্রান্ত হয়েছে ২১-২৫ বছর বয়সীরা, ১৫ শতাংশ। এরপর ২৬-৩০ বছর বয়সী ১৩, ১৬-২০ বছর বয়সী ১২, ৩১-৩৫ বছর বয়সী ১০, ৩৬-৪০ বছর বয়সী ৮, ১১-১৫ বছর বয়সী ৭ ও ৪১-৪৫ বছর বয়সী ৬ শতাংশ আক্রান্ত হয়েছে। ৫ শতাংশ করে আক্রান্ত হয়েছে ০-৫ বছর, ৬-১০ বছর ও ৪৬-৫০ বছর বয়সীরা।
পুরুষদের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত হয়েছে ৮০-এর বেশি বয়সী শূন্য দশমিক ৩, ৭৬-৮০ বছর বয়সী শূন্য দশমিক ৫ ও ৭১-৭৫ বছর বয়সী ১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পুরুষদের মৃত্যু ৫৫০ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ৫৫৫ জন, যা মৃত্যুর ৪৩ শতাংশ। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ১১ শতাংশ মারা গেছে ০-১৫ বছর বয়সী শিশু। এরপর ১০ শতাংশ মারা গেছে ৩৬-৪০ বছর বয়সী রোগীরা। ৯ শতাংশ করে মারা গেছে ২৬-৩০ বছর ও ৩১-৩৫ বছর বয়সীরা। ৮ শতাংশ করে মারা গেছে ২১-২৫ বছর, ৪৬-৫০ বছর ও ৫৬-৬০ বছর বয়সীরা। পুরুষদের মধ্যে সবচেয়ে কম মৃত্যু হয়েছে ২ শতাংশ করে ৭৬-৮০ বছর ও ৮০-এর বেশি বয়সীরা।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৫ জন ও ঢাকার বাইরে ৭ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৮৪ জনে। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে ৭৮৪ জন ও ঢাকার বাইরে ৫০০ জন। এ বছর মৃত্যুহার শূন্য দশমিক ৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৫২ ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৪২৫ জন ও ঢাকায় ৪২৭ জন। এ নিয়ে এ বছর রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫৮ হাজার ৯১২ জন। তাদের মধ্যে ঢাকার বাইরে রোগীর সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫০১ জন ও ঢাকায় ৯৬ হাজার ৪১১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৭ হাজার ৫৪৬ রোগী।