বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সফিপুর, কোনাবাড়ী ও কালিয়াকৈর এলাকায় পোশাক শ্রমিকরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার তারা রাস্তায় নেমে এলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় শ্রমিকদের পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। বর্তমানে যাদের বেতন ৭-৮ হাজার, তাদের বেতন ২৩ হাজার টাকা করার দাবি করছেন তারা। এ দাবিতে গত সোম ও মঙ্গলবার বিভিন্ন কারখানার সামনে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেন।
পুলিশ, আন্দোলনরত শ্রমিক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এল. জেড ওয়ার্ক লিমিটেড কারখানার শ্রমিকরা গতকাল বেলা ১১টার দিকে কোনাবাড়ীর ফ্লাইওভার এলাকায় বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ পর পাশের ওরিয়েন্ট এলিউর লিগনগেরি লিমিটেড নামের কারখানার শ্রমিকসহ আরও কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে এসে যোগ দেন। পরে আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থানের পাশাপাশি কালিয়াকৈরের দিকে এগিয়ে যেতে থাকেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরিই বন্ধ হয়ে দীর্ঘ যানজটের তৈরি হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা সরে গেলে বিকেল ৩টা থেকে ওই সড়কে আবার যানবাহন চলাচল শুরু হয়। তবে শ্রমিকদের সঙ্গে বিচ্ছিন্নভাবে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
এলাকাবাসী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছেন। এর ধারাবাহিকতায় গতকাল সকাল থেকে বে ফুটওয়্যার, পূর্বাণী গ্রুপের একটি কারখানা, লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ শুরু করেন। একপর্যায় উত্তেজিত হয়ে শ্রমিকরা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের ফলে ওই মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে প্রথমে ব্যর্থ হয়। পরে পুলিশ টিয়ার শেল, লাঠিচার্জ করলে শ্রমিকরা মহাসড়ক থেকে ছত্রভঙ্গ হয়ে পড়েন। এরপর ধীরে ধীরে বিকেল ৩টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্প পুলিশ-২-এর গাজীপুর রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক জানান, বেলা ১১টা থেকে কোনাবাড়ী ও সফিপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা নেমে আসেন। তাদের সঙ্গে আলোচনায় বসলে কিছু কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি জানান। আবার কিছু কারখানার শ্রমিকরা তাদের অভ্যন্তরীণ বিষয়ে অভিযোগ জানান। বেতন বৃদ্ধির দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে কারখানা মালিক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তারা তা না মেনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তখন পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজমীর হোসেন জানান, কালিয়াকৈর মৌচাক, কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধিসহ বেশ কিছু দাবি নিয়ে কালিয়াকৈর উপজেলার কয়েকটি কারখানার শ্রমিকরা গত দুদিন ধরে আন্দোলন করে আসছেন। একই দাবি নিয়ে গতকালও তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।