রেসিপি দিয়েছেন ইসরাত জাহান
খাজা
উপকরণ : ময়দা ১ কাপ, লবণ আধা চা চামচ, সাদা তেল ৩ চা চামচ, পানি আধা কাপের একটু কম।
খামির তৈরি : ময়দা, লবণ, তেল, পানি অল্প অল্প দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। তারপর আধ ঘণ্টা ঢেকে রেখে দিন।
সিরা তৈরি : সিরার জন্য ১ কাপ চিনি, ঐরাচ ২টি, আধা কাপ পানি মিক্স করে জ¦াল দিয়ে সিরা তৈরি করে নিন। সিরাটা ঘন হবে না আবার পাতলাও হবে না।
যেভাবে তৈরি করবেন
১. ছোট ছোট ৫টি রুটি, কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে।
২. তারপর পরোটার মতো করে তেল মাখিয়ে তার ওপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে পর পর রুটি দিয়ে রোল করে টুকরো টুকরো করে কেটে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে বেলে নিতে হবে।
৩. কড়াইয়ের ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিতে হবে।
৪. অল্প গরম থাকা অবস্থায় ওপরে অল্প অল্প সিরা ঢেলে দিয়ে পরিবেশন করুন।
ফিশ সিসেম সসি ফ্রাই
উপকরণ : ভেটকি ফিলে ২০০ গ্রাম, রসুন ৪ কোয়া, পেঁয়াজ ৩টি, লেবুর রস ২ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, ডিম ১টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, চিনি ১ চা চামচ, সাদা তিল বাটা ১ টেবিল চামচ, টমেটো সস সিকি কাপ, মধু ২ টেবিল চামচ, ধনেপাতা ১ মুঠো, ফিশ সস ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে মাছ লম্বা লম্বা করে ফিলে করে নিতে হবে।
২. পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা, লেবুর রস বের করে ব্লেন্ডার করে নিয়ে মাছের মধ্যে ফিশ সস ডিম দিয়ে লবণ চিনি দিয়ে মাখিয়ে রেখে দিন ১০ মিনিট।
৩. তারপর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন।
৪. ফ্রাইপ্যানে সামান্য বাটার দিয়ে মধু টমেটো সস নাড়াচাড়া করে নামিয়ে সাদা তিল ছড়িয়ে দিন।
আলু পেঁয়াজের পাপুড়া
উপকরণ : আলু মাঝারি আকারের ২টি গ্রেড করা, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি ২ চা চামচ, ধনেপাতা কুচি ২ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ডিম ১টি, বেসন পৌনে ১ কাপ, গোল মরিচ গুঁড়া ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে আলু গ্রেড করে নিতে হবে। এর পর আলুর মধ্যে লেবুর রস দিয়ে তারপর একে একে সব উপকরণ দিয়ে দিতে হবে।
২. কিছুক্ষণ রেখে দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইয়ের ডুবো তেলে মচমচে করে ভেজে পরিবেশন করুন।
মসলা রঙ চা
উপকরণ : পানি দেড় কাপ, এলাচ ২টি, আদা কুচি ১ টেবিল চামচ, তেজপাতা ১টি, চিনি ১ টেবিল চামচ, চা পাতা আধা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে পানি দিয়ে তার মধ্যে এলাচ, আদা, তেজপাতা, চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে।
২. পানি ফুটে উঠলে এর মধ্যে চা পাতা দিয়ে আরও ১ মিনিট ফুটাতে হবে।
৩. তারপর কাপে ঢেলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে পরিবেশন করুন।