আ.লীগের সমাবেশে সরকারের সচিব খাইরুল ইসলাম

আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন সরকারি চাকরিরত সচিব মো. খাইরুল ইসলাম (মান্নান)। তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। গতকাল শনিবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে খাইরুল ইসলামকে দীর্ঘ সময় দেখা যায়।

জানা গেছে, খাইরুল ইসলাম লেখাপড়া করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ছাত্রজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০০৯-১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর এপিএস-১-এর (সহকারী একান্ত সচিব) দায়িত্বে ছিলেন।

গতকাল সমাবেশে যোগ দেওয়ার বিষয়ে মো. খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি ছাত্রজীবনে দীর্ঘদিন ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলাম, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর প্রায় চার বছর সহকারী একান্ত সচিব ছিলাম, প্রধানমন্ত্রীর এপিএস পদ অনেকটাই রাজনৈতিক পদ। আমি বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার আদর্শের অনুসারী। তাছাড়া ছুটির দিন, বন্ধু নাঈমুজ্জামান মুক্তার সঙ্গে সমাবেশস্থলে গিয়েছি। এটা চাকরিবিধি লঙ্ঘিত হয়েছে বলে আমি মনে করি না।’

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী ‘সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দল বা  কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের সদস্য হবেন না বা অন্য কোনো উপায়ে সম্পৃক্ত হবেন না অথবা বাংলাদেশে বা বিদেশে কোনো রাজনৈতিক কার্যক্রমে কোনো উপায়ে অংশগ্রহণ বা সহায়তা করবেন না।’