আসছে দুরন্ত টিভির তৈরি প্রথম অ্যানিমেশন সিরিজ ‘কুটু ভুটু’

একটা খোলামেলা বাড়ির বাগানে ছোট-বড় অনেক গাছ। একটা গাছে বাসা বেঁধেছে এক কাঠবিড়ালি, তার নাম কুটু। আর বাড়িতে আছে এক পোষা কুকুর, যার নাম ভুটু। দুষ্টু কুটু সারাদিন এটা-সেটা চুরি করে খায় আর পাহারাদার ভুটু সেসব উদ্ধারে তার পিছু নেয়! এছাড়াও কুটু সারাদিন ব্যস্ত ভুটুকে বোকা বানাতে। আর ভুটু ব্যস্ত কুটুকে শায়েস্তা করতে।

দুজনের আলাদা দুটি দলও আছে। কুটুর দলে ছোট এক টুনটুনি পাখি আর পোষা মুরগি। ভুটুর দলে আছে বাড়ির পোষা কবুতর ও হাঁস। এছাড়াও বাড়ির গরু-ছাগল, পুকুরের ব্যাঙ, পিঁপড়ার দল- এরাও মাঝে মাঝে যোগ দেয় কুটু ভুটুর মজার সব কাণ্ড-কারখানায়।

ঘুড়ি ওড়ানো, ফুটবল খেলা, ভেলায় চড়ে বেড়ানো, বারবিকিউ পার্টি করা, গুপ্তধন খোঁজা, জন্মদিন উদযাপন, নাটক করা এমন সব নানা কাণ্ড করে ওরা দুই দলে ভাগ হয়ে। আবার, বাড়ির বাইরে থেকে আসা দুষ্টু বিড়াল, দাঁড় কাক ও পাজি চোরকে শায়েস্তা করতে একজোট হয়ে যায় ওরা! এমনি করে ঘটতে থাকে দারুণ সব কাণ্ড-কারখানা!

এসব দারুণ কাণ্ড-কারখানা নিয়েই দুরন্ত টিভির তৈরি প্রথম কার্টুন সিরিজ কুটু ভুটু। মজার মজার ২৬টি গল্প নিয়ে মোট ১৩টি পর্বের কার্টুন সিরিজটি আগামী ০৩ নভেম্বর, ২০২৩ থেকে প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা, দুপুর আড়াইটাও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে দুরন্ত টিভি ও দুরন্ত টিভির ইউটিউব চ্যানেলে।