৩ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

বিরোধী দলের সভা-সমাবেশকে কেন্দ্র করে হামলা, মামলা-গ্রেপ্তার ও দমন-পীড়ন বন্ধসহ তিন দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

শনিবার বেলা ১১টার দিকে অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার আহ্বায়ক শাহ্ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিউনিস্ট  পার্টি বরিশাল  জেলা শাখার সভাপতি মিজানুর রহমান সেলিম, সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, সমাজতান্ত্রিক দল-বাসদ( মার্কসবাদী) বরিশাল জেলা শাখার সমন্বায়ক সাইদুর রহমান, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দলগুলোর মতামতকে প্রত্যাখ্যান করে বিভিন্ন সভা-সমাবেশকে কেন্দ্র করে হামলা-মামলা চালাচ্ছে, গ্রেপ্তার করছে। এ ছাড়া গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলনে গুলি চালিয়ে শ্রমিক হত্যা করে সরকার তার গণবিরোধী চরিত্র উন্মোচিত করেছে। তাই অবিলম্বে গার্মেন্টস শ্রমিক ইমরান ও রাসেল হত্যার বিচার এবং গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি মেনে নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানাই।