ঢাকায় ডেঙ্গু রোগী ১ লাখ ছাড়িয়েছে

এ বছর ঢাকায় ডেঙ্গু রোগী এক লাখ ছাড়িয়েছে। গত শুক্রবার সারা দেশে যে ১ হাজার ৩৫৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয় ৩৫৫ জন। এ নিয়ে ঢাকায় রোগীর সংখ্যা পৌঁছায় ১ লাখ ২৮৭ জনে।

গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয় ১ হাজার ৬৩৮ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয় ৪৩০ ও ঢাকার বাইরে ১ হাজার ২০৮ জন। এ নিয়ে ঢাকায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১৭ ও ঢাকার বাইরে ১ লাখ ৭৭ হাজার ৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছে ১৩ জন। তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয় ৬ ও ঢাকার বাইরে ৭ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার  ৩৯৩ জন। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে ৮২৬ ও ঢাকার বাইরে ৫৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬ হাজার ২৬৭ ডেঙ্গু রোগী। তাদের ১৭৬৮ জন ঢাকায় এবং ৪৪৯৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।