নতুন আলুর ৪ পদ

ডাল আলু দিয়ে মুড়িঘণ্ট

উপকরণ : রুই বা কাতল মাছের মাথা ২টি, বড় আলু ১টি কিউব করে কাটা, মুগ ডাল আধা কাপ, তেল ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ৫টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         মাছের মাথা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখুন। আলু কিউব করে কেটে নিন। ডাল ভেজে ভিজিয়ে রাখুন। মাছ ভেজে নিন।

২.         ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তার মতো করে ভেজে পানি দিন। এরপর জিরার গুঁড়া, কাঁচা মরিচ, ধনেপাতা বাদ দিয়ে একে একে সব মসলা দিয়ে কষাতে থাকুন। মসলার তেল ওপর ওঠা পর্যন্ত।

৩.         মসলা কষানো হলে মাছের মাথা, আলু, ডাল দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে বলক তুলে রান্না করুন ১৫ থেকে ২০ মিনিট।

৪.         মাছের ওপর তেল উঠে এলে কাঁচা মরিচ, ধনেপাতা, জিরার গুঁড়া দিয়ে দমে রান্না করুন ৩ মিনিট। পরিবেশন করুন ভাতের সঙ্গে।

ডিম আলু দিয়ে মুগ ডাল

উপকরণ : মুগ ডাল ভাজা আধা কাপ, আলু সিদ্ধ ৩টি, ডিম সিদ্ধ ৪টি, লবণ দেড় চা চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া টালা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ৫টি, তেল ৩ টেবিল চামচ, পানি পরিমাণ মতো।

যেভাবে তৈরি করবেন

১.         ডাল, আলু, ডিম ভালো করে সিদ্ধ করে নিন।

২.         আলু ভর্তার মতো আধা ভাঙা করে পানি দিয়ে একটু পাতলা করে গুলে রাখুন। ডিম ভেজে তুলুন।

৩.         কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও আস্ত জিরা দিয়ে ভাজতে থাকুন বেরেস্তার মতো রঙ হওয়া পর্যন্ত। এরপর পানি দিয়ে সব মসলা দিয়ে দিন। জিরার গুঁড়া বাদ দিন। কষাতে থাকুন মসলার ওপর তেল ওঠা পর্যন্ত।

৪.         মসলা কষানো হলে ডাল, ভেঙে রাখা আলু, ডিম দিয়ে কষিয়ে পানি দিয়ে দিন। বলক তুলে ভালো করে রান্না করুন ২০ মিনিট। রান্না হলে ওপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করুন ১০ মিনিট। এরপর নামিয়ে পরিবেশন করুন।

আলু ডালের এঁচড় কাবাব

উপকরণ : ছোট কাঁচা কাঁঠাল ১টি, মাঝারি আকারের আলু ৩টি, তেল ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া ২ চা চামচ, কাঁচা মরিচ ৫টি, ধনেপাতা কুচি ৪ টেবিল চামচ, জিরা গুঁড়া ২ চা চামচ, ডিম ১টি, পেঁয়াজ বেরেস্তা ৬ টেবিল চামচ, কাবাব মসলা ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         কাঁচা কাঁঠাল খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। ডাল পানিতে ভিজিয়ে রাখুন, আলু খোসা ছাড়িয়ে কেটে রাখুন।

২.         ডিম, ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা বাদ দিয়ে, সব মসলাসহ কাঁঠাল, ডাল, আলু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিন।

৩.         সিদ্ধ হলে সব মিহি পেস্ট করে ডিম, বেরেস্তা, ধনেপাতা দিয়ে ভালো করে মেখে কাবাবের তৈরি করে ফ্রিজে রেখে দিন ১০ মিনিট।

৪.         কাবাবগুলো তেলে লালচে করে ভেজে গরম গরম পরিবেশন করুন কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে।

মুরগিতে আলু ডাল

উপকরণ : মুরগি ১টি, বুটের ডাল ভাজা ১ কাপ, আলু ছোট করে টুকরা করা ২টি, লবণ ১ চা চামচ, তেল ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ৩ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, গরম মসলা (তেজপাতা, ডাল, চিনি, লং, এলাচ) সব ৩টি, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ৪টি।

যেভাবে তৈরি করবেন

১.         মুরগির মাংস ও আলু কেটে ধুয়ে নিন। ডাল ভেজে ভিজিয়ে রাখুন।

২.         চুলায় কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে গরম মসলা ও পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন বেরেস্তার মতো হলে পানি দিন। পরে একে একে মসলা দিয়ে কষাতে থাকুন।

৩.         মসলা কষানো হলে মাংস দিয়ে কষিয়ে আলু ও বুটের ডাল আবার কষিয়ে পানি দিয়ে ঢাকনা দিন। রান্না করুন ২৫ মিনিট।

৪.         মাংস সিদ্ধ হলে নামানোর আগে ভাজা জিরার গুঁড়া, কাঁচা মরিচ আঁচ কমিয়ে পাঁচ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন।