বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে চতুর্থ দফায় আজ রবিবার সকাল ৬টা থেকে দেশজুড়ে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলো। চতুর্থ দফার অবরোধ শুরুর আগে গতকাল শনিবার রাতে রাজধানী ঢাকায় সাতটি বাসে আগুন এবং ফার্মগেটে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এছাড়া গাজীপুরে ট্রাকে আগুন দেওয়া হয়। ঢাকায় বাসে আগুনের ঘটনায় এক যাত্রী দগ্ধ হয়েছেন। সবমিলিয়ে আগের তিন দফার মতো যানবাহনে অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা হামলার আতঙ্কের মধ্যেই শুরু হচ্ছে এই দফার অবরোধ কর্মসূচি।
এদিকে অবরোধ শুরুর আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গতকাল বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন। তিনি অভিযোগ করেন, চলমান আন্দোলনের গতি থামাতে আগের কয়েক দিনের ধারাবাহিকতায় সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩১৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
চতুর্থ দফার অবরোধের আগের রাতে অল্প সময়ের ব্যবধানে রাজধানীর সাতটি জায়গায় বাসে এবং গাজীপুরে ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। এর ১০ মিনিটের মাথায় গাবতলী বাসস্ট্যান্ডের সামনে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী ফলপট্টির সামনে দুর্বৃত্তরা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয়। এছাড়া রাত সাড়ে ১০টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে একটি, মিরপুর ১৩ নম্বরে রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানার উল্টো দিকে প্রজাপতি পরিবহনের একটি বাসে এবং প্রায় একই সময়ে আগারগাঁওয়ের তালতলায় আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
গাজীপুর সদর থানার দক্ষিণখান এলাকায় রাত সাড়ে ৮টার দিকে চলন্ত ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। তারা প্রথমে ট্রাকটি লক্ষ্য করে ঢিল ছোড়ে। চালক বাধ্য হয়ে ট্রাক থামালে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।
যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনের বাসে দেওয়া আগুনে জব্বার (৩৫) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশার চালক মো. রমজান জানান, শরীরে আগুন লাগা অবস্থায় জব্বার বাস থেকে নেমে এলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দগ্ধ ওই ব্যক্তির বরাত দিয়ে রমজান আরও জানান, জব্বার থাকেন নারায়ণগঞ্জে। সেখানে যাওয়ার জন্য রাজধানীর রামপুরা থেকে অনাবিল পরিবহনের বাসে উঠেছিলেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, জব্বারের দুই হাত, দুই পাসহ শরীরের কিছু অংশ পুড়ে গেছে। তাকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রাখা হয়েছে।
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ : রাজধানীর ফার্মগেটে বাবুল টাওয়ারের সামনে গতকাল রাতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘হঠাৎ বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ হয়। তখন ওই স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।’
তার দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে বলে গতকালের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় (শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল) সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩১৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মোট মামলা হয়েছে ১২টি, আসামি করা হয়েছে ১৩৭০ জনের বেশি নেতাকর্মীকে। আহত হয়েছেন ১০ জনের বেশি নেতাকর্মী। এছাড়া গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের ৪/৫ দিন আগে থেকে এখন পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন ১০ হাজার ৪০৫ জনের বেশি নেতাকর্মী, মামলা হয়েছে ২২০টি, আহত হয়েছেন ৩ হাজার ৯০৬ জনের বেশি নেতাকর্মী এবং মৃত্যু হয়েছে ১২ জনের।’
সংবাদ সম্মেলনে ৬ নভেম্বর ডিবি সদস্য পরিচয়ে তুলে নেওয়া সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক, সাইফুল ইসলাম ও আবু বক্করকে অবিলম্বে জনসম্মুখে হাজির করার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র।
গত ২৮ অক্টোবর শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দফা দাবি আদায়ে মহাসমাবেশ করে বিএনপি। মহাসমাবেশে হামলার প্রতিবাদে পরদিন রবিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল করে দলটি। এরপর এক দিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে টানা বৃহস্পতিবার পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। শুক্রবার নিহতদের স্মরণে দোয়া মাহফিলের কর্মসূচি পালন করে। রবিবার থেকে আবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন শেষে মঙ্গলবার ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক দিনের বিরতি দিয়ে আবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে। এরপর বৃহস্পতিবার আবারও চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে; যা আজ সকাল ৬টা থেকে শুরু হবে।
আমাদের বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, অবরোধ কর্মসূচি সফলে গতকাল সকাল সাড়ে ১০টায় নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে ঝটিকা মিছিল বের করে বরিশাল মহানগর ছাত্রদল। মিছিলটি সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বের হয়ে বটতলা সড়কে গিয়ে শেষ হয়।
এছাড়া পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সকাল থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি সফল করতে নিজ নিজ দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোট, ড. রেজা কিবরিয়ার ও নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ-অধিকার পরিষদসহ এক দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনে বিএনপির শরিক রাজনৈতিক দলগুলো। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, গত ২৫ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত রাজধানীতে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ৫৬টি। আর আটক হয়েছেন ৩২০ জন।
অবরোধের আওতামুক্ত থাকবে যা যা : গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের কালী/শ্যামাপূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়াদি, গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স ও অক্সিজন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।