মনোনয়ন জমাসহ বিভিন্ন সেবা দিতে অ্যাপ চালু ইসির

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী সেবা দিতে অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার এই স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপটি উদ্বোধন করা হয়েছে।

এ অ্যাপের মাধ্যমে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। বিভাগওয়ারি আসনগুলোর তথ্য, যেমন মোট ভোটার, মোট আসন, আসনের প্রার্থী, প্রার্থীদের বিস্তারিত তথ্য (হলফনামা, আয়কর সম্পর্কিত তথ্য, নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী) অন্যরা জানতে পারবে। এ ছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য জানা যাবে এবং সমসাময়িক তথ্যাবলি ‘নোটিস’ আকারে প্রদর্শিত হবে। অ্যাপসটির সাহায্যে প্রতি ২ ঘণ্টা অন্তর চলমান ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য জানা যাবে। এটি চালু করতে ব্যয় হয়েছে প্রায় ২১ কোটি টাকা।

অ্যাপটি উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মনোনয়ন জমা দিতে গিয়ে অনেক সময় বাধাগ্রস্ত হতে হয়, আবার অনেক সময় জমা দেওয়ার পর তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এসব অনাচার অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার মাধ্যমে কমে আসতে পারে। এ ছাড়া সামগ্রিক নির্বাচন ব্যবস্থাটা আরও নির্ভরযোগ্য, সহজ ও পরিশুদ্ধ হতে পারে।

অনলাইনে ভোট দেওয়ার বিষয়ে উপস্থিত একটি রাজনৈতিক দলের প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘরে বসে ভোট দেওয়ার পদ্ধতি কোথাও হয়েছে এমন নজির নেই। ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতি প্রণয়নে তারা চেষ্টা করছেন বলে জানিয়েছিলেন। তারা হয়তো সেটা বাস্তবায়ন করতে পারবে। তখন হয়তো এই পদ্ধতির বিষয়ে তারা ভাববেন বলে জানান সিইসি।

অ্যাপ উদ্বোধনের সময় নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। কমিশনার মো. আনিছুর রহমান বলেন, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমে কার ভোটার নম্বর কত, কোন কেন্দ্রে ভোট দিতে হবে এগুলো জানা যাবে। এর জন্য জন্মতারিখ ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে।