শ্রাবন্তীর পরিবারে এসেছে নতুন সদস্য! 

ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনার শেষ নেই। সদ্য ‘প্রফুল্ল’ রূপে প্রকাশ্যে এসেছেন অভিনেত্রী। বাড়িতে এসেছে তার নতুন সদস্যও। ব্যক্তিগত এবং পেশাদারি— সমাজমাধ্যমের পাতা ঘাঁটলে তার দুই জীবনের খোঁজই পাওয়া যায়।

এ বছরের দীপাবলি ঠিক কীভাবে উদযাপন করছেন অভিনেত্রী, তারই এক ঝলক পাওয়া গেল তার ইনস্টাগ্রামের পোস্টে। কালীপূজার সময় চারিদিক সেজে ওঠে আলোর রোশনাইয়ে। বাড়িতে প্রদীপ জ্বালান সবাই। নায়িকার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। অনেকেরই ধারণা যে, বড় পর্দার অভিনেত্রীরা এ সময় সাধারণত বাইরে বেড়াতে যান, কিংবা বিশেষ পার্টির আয়োজন করেন। তবে শ্রাবন্তীর ক্ষেত্রে দেখা গেল উল্টোটাই।

চারিদিক আলোয় সাজানো। বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে তার প্রিয় পোষ্যরা। আর শ্রাবন্তী হাসিমুখে ছুটে বেড়াচ্ছেন বাড়ির চারিদিকে। এমনই একটি ভিডিও পোস্ট করেছেন নায়িকা। এই ভিডিওর মাধ্যমেই সকলকে দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন। নায়িকার বিশেষ শুভেচ্ছা পেয়ে খুশি তার অনুরাগীরাও।

আপাতত তার নতুন লুকে মজেছেন দর্শকরা। নায়িকার বাড়িতে সদ্য আগমন ঘটেছে এক ছোট্ট খুদের। নতুন পোষ্য। তার নাম দিয়েছেন ‘রোজ’। শ্রাবন্তীর নতুন সদস্যকে দেখে উত্তেজিত টলিপাড়ার অন্য নায়িকারাও। আপাতত অভিনেত্রীকে ‘দেবী চৌধুরানী’ ছবিতে দেখার অপেক্ষায় দর্শক।