বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম শাকিলা সুমু চৌধুরীর আদালতে এ মামলার আবেদন করেন এম এ হাশেম নামে এক ব্যক্তি। এতে চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ একই ইউনিয়ন পরিষদের সদস্য ইফতেখার উদ্দিন, মো. সাজ্জাদ, ইহসান, নাছির, ফরহাদ ও সাইফুলকে আসামি করতে আরজি জানান আবেদনকারী। আদালত আবেদনকারীর জবানবন্দি গ্রহণ করে সেটি খারিজের আদেশ দেয়।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো, শহীদুল ইসলাম দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। গত ৬ নভেম্বর বিএনপির ডাকা অবরোধের সময় বাশখাঁলীতে চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সভায় মুজিবুল হক চৌধুরী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, আপনাকে এমন মারা মারব, বাঙালি কত দুষ্টু তখন বুঝতে পারবেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্যকে গত বুধবার ‘সহিংস বক্তব্য’ বলে মন্তব্য করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।