কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সৌদি প্রবাসী এক ব্যক্তির স্ত্রী এবং দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), বড় মেয়ে মোহনা (১১) ও ছোট মেয়ে বন্যা (৭)।
এ বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ বলেন, সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ এ বিষয়ে কাজ করছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে।
এসপি আরও বলেন, ২০১৭ সাল থেকে মঞ্জিল মিয়া সৌদি আরবে থাকেন। আমরা প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরেছি এর মধ্যে তিনি দেশে আসেননি। নিহতের স্ত্রী তাসলিমা একাই বাড়িতে বাচ্চাদের নিয়ে বসবাস করতেন। তাই সবদিক বিবেচনা করে কীভাবে এ ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করা হবে।
তিনি বলেন, ঘরের ভেতরে আসবাবপত্র এলোমেলো বা জবরদস্তি করার কোনো আলামত পাওয়া যায়নি। দরজা ভেতর থেকে বন্ধ ছিল না, খোলা ছিল। নিহতের বড় মেয়ে মোহনার বান্ধবী তাকে খুঁজতে গিয়ে দরজায় ধাক্কা দিলে ঘটনাটি সামনে আসে। তবে তাদের মৃত্যুর বিষয়টি আমাদের কাছে স্বাভাবিক মনে হয়নি। আবার এটি হত্যাকাণ্ড না সুইসাইড এটি বলার মতো আলামত এখনো পাওয়া যায়নি। তবে তা খতিয়ে দেখে পরে তা জানাতে পারবো।