সাংবিধানিকভাবে অংশগ্রহণমূলক নির্বাচন চায় চীন

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবে অংশগ্রহণমূলক চায় চীন। দেশটিতে সফর করা আওয়ামী লীগ নেতাদের এমনটাই বলেছেন দেশটির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব চীনা কমিউনিস্ট পার্টির (আইডিসিপিসি/সিপিসি) মন্ত্রী লিউ চিয়েন ছাউ।

গত শুক্রবার চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে চীন সফরকারী আওয়ামী লীগ প্রতিনিধিদলের সঙ্গে লিউ চিয়েন ছাউয়ের নেতৃত্বাধীন সিপিসি প্রতিনিধিদলের বৈঠক হয়। আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে বৈঠকে দলটির আন্তর্জাতিক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ কান্তি দাস ও সুমন কুন্ডু উপস্থিত ছিলেন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) সম্মেলন উপলক্ষে চীনা কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগ প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানিয়েছিল।

তরুণ কান্তি দাস জানান, দ্বাদশ সংসদ নির্বাচন প্রশ্নে বিবদমান রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়ে খোলামেলা কথা বলেন লিউ চিয়েন ছাউ।

আলোচনার একপর্যায়ে লিউ চিয়েন ছাউ বলেন, ‘উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে চীনও বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন আশা করে। যাতে বেশিরভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ থাকবে। তাছাড়া নির্বাচনটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’

চীনের উপমন্ত্রী ছুন হাই ইয়েন এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউ পো’র সঙ্গেও আওয়ামী লীগ প্রতিনিধিদলের বৈঠক হয় বলে জানান তরুণ কান্তি দাস। সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, চীনা উপমন্ত্রী বলেছেন, ‘রাখাইনে রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ, টেকসই এবং স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিতকরণে চীন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার ধারাবাহিক আলোচনাকে অব্যাহতভাবে উৎসাহিত করে চলেছে।’

সফর খুবই ফলপ্রসূ হয়েছে বলে জানান ফারুক খান। আর সেখানে বিআরআইয়ের কর্মকা- নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমি বলেছি আমাদের দেশের যতগুলো কর্মকান্ড হয়েছে তার প্রায় সবগুলোই কানেকটিভিটির। রাস্তা, রেলওয়ে, বন্দর এ ধরনের প্রোগ্রাম হয়েছে। এতে আমাদের তৃণমূলের বেশি মানুষ সুবিধা পাচ্ছে। আমরা বিআরআইয়ে আছি এবং ভবিষ্যতেও থাকার আশা করি।’