‘আমরা চুপচাপ বসে তামাশা দেখব না’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘মুক্তিযুদ্ধ না বলে যারা গ-গোল বলে তারাই বলে এ দেশে ভোট হতে দেব না। বিএনপি-জামায়াত বলছে ভোট হতে দেব না। আপনাদের বিদেশি প্রভু মদদ জোগায়। তাদের বলবেন আমরা কি আঙুল চুষব? নাকি লজেন্স খাব? নাকি চুপচাপ বসে বসে তামাশা দেখব? আপনারা ভোট হতে দেবেন না, তা হতে পারে না।’ 

গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় সরকারি উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা নির্বাচন বন্ধ করতে পারবেন না। যতই অবরোধ করেন, হরতাল ডাকেন। মানুষ পুড়ে মারছেন। ঢাকার শহরে ১০০ ওপরে বাস পুড়ে ফেলছে, অ্যাম্বুলেন্স পুড়ছে, পুলিশ পিটিয়ে মারছেন। এই হলো আপনাদের আন্দোলন।’