দুই পর্বেই আগামী বছর বিশ্ব ইজতেমা শুরু ২ ফেব্রুয়ারি

আগামী বছরও তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে। প্রথম পর্ব শুরু হবে ২ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় পর্ব শুরু ৯ ফেব্রুয়ারি। গতকাল বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দুপক্ষের নেতাদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেখানে এ সিদ্ধান্ত হয়।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন, গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ইজতেমার প্রথম পর্ব আসছে বছর ২ থেকে ৪ ফেব্রুয়ারি ও দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমায় আলমি শূরাপন্থি মাওলানা জোবায়েরের অনুসারীরা অংশ নেবেন। দ্বিতীয় পর্বে অংশ নেবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি ইজতেমা দুটি ভাগ হয়ে গিয়েছিল। বাধ্য হয়েই দুই গ্রুপকে দুই সময়ে করতে দেওয়া হয়। প্রতিবারই কে আগে করবে কে পরে করবে সেই সিদ্ধান্ত তারা নিতে পারে না, আমাদের কাছে দৌড়ে আসে।’ তিনি আরও বলেন, ‘আমরা বলেছিলাম আপনারা এক হয়ে আমাদের বলেন। তারা একমত না হতে পারায় আমরা তাদের গতবারের মতো করতে বলেছি।’

প্রতিবছরই কেন ইজতেমার তারিখ নির্ধারণ করে দিতে হয় জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘তারা একত্র হতে পারছে না। দুজন এক প্লেটে ভাত খাওয়া মানুষ, একের পেছনে আরেকজন নামাজ পড়ে তারা। কিন্তু যখন এই প্রসঙ্গগুলো আসে তখন মারমুখী হয়ে যায়।’

দুপক্ষের মধ্যে বিরোধের জের ধরে তিনজন খুন, দেড়শ লোক আহত হওয়া ও ভাঙচুরের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো রিস্ক (ঝুঁকি) নিতে চাই না।’ ইজতেমায় বিদেশিরা কীভাবে আসবেন পরে সে বিষয়ে বিস্তারিত সভা হবে জানিয়ে তিনি বলেন, যা যা প্রয়োজন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সচিবসহ অন্যরা বসে সিদ্ধান্ত নেবেন। মসজিদে মসজিদে যেন কোনো পক্ষ প্রাধান্য না পায় এবং সবাই মিলেমিশে কাজ করতে পারে সেই দাবিও তারা করেছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি ধর্ম প্রতিমন্ত্রী চিঠি দিয়ে সব মসজিদে জানিয়ে দেবেন। দ্বীনের দাওয়াতে এক গ্রুপ যাওয়ার পর আরেক গ্রুপ যেতে পারবে, মসজিদ কর্তৃপক্ষ নিরপেক্ষ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইজতেমা আয়োজেন এখনো যেসব সিদ্ধান্ত অমীমাংসিত আছে সেগুলো নির্বাচনের পর আলোচনার মাধ্যমে সমাধান করে দেওয়া হবে। মাওলানা সাদ আসার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

ঢাকা থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে হয়ে আসছে। ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। তাবলিগের একাংশের মুরুব্বি ও ভারতের মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুপক্ষ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছে।