আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতা দেওয়ার জন্য কোনো দেশ বা সংস্থাকে অনুরোধ করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরিন। তিনি বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে চার সদস্যের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞ দল কিছু দিনের মধ্যেই বাংলাদেশে আসবে। এ ছাড়া কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আগামী ১৮-২২ নভেম্বর ঢাকা সফর করবে।
গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে আরও কিছু আগ্রহী পর্যবেক্ষক দল আবেদন করেছে এটি কমিশন সূত্রে জানা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ সম্পর্কিত কোনো তালিকা নেই বলে জানান সেহেলী সাবরিন।
মিয়ানমারে চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
সম্প্রতি দিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী (টু প্লাস টু) পর্যায়ের বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে এটি উল্লেখ করা না হলেও বৈঠকের পর সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিষয়টি জানিয়েছেন। সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করেছে। দেশের নির্বাচন নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের ওই আলোচনাকে সেই দুই দেশের নিজস্ব ব্যাপার বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে সেহেলী সাবরিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, ‘আলোচনায় বৃহত্তর বৈশ্বিক, আঞ্চলিক ও উপআঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্থিতিশীলতার নানা দিক উঠে আসা স্বাভাবিক। আলোচনার বিষয়বস্তু হিসেবে কী আসবে না আসবে তা ওই দুই দেশের নিজস্ব ব্যাপার।’
বাংলাদেশে রাশিয়ার নৌবাহিনীর জাহাজের সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তাদের ওপর মার্কিন কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি আরও বলেন, ‘রাশিয়ার নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট স্কোয়াড্রনের তিনটি জাহাজ গত ১২-১৪ নভেম্বর শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে অবস্থান করে। এ সময়ে জাহাজের সঙ্গে আগত রুশ প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর ও নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে। শুভেচ্ছা সফর শেষ করে এরই মধ্যে জাহাজগুলো চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। জাহাজগুলো মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।
সেহেলী সাবরিন বলেন, ‘নিয়মিত বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ আমাদের এখানে শুভেচ্ছা সফরে আসে। যেমন এ বছরই জাপান, যুক্তরাজ্য, ভারত, ইতালি ও ফ্রান্স থেকে যুদ্ধজাহাজ আমাদের দেশে শুভেচ্ছা সফরে এসেছে। এ ধরনের শুভেচ্ছা সফর আন্তর্জাতিক পর্যায়ে একটি নিয়মিত ঘটনা।’
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকির বিষয়ে আরেক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘এ ব্যাপারে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) বিস্তারিত বলেছেন। তার (পিটার হাস) বিষয়ে দল থেকে কী করা হয়েছে বা কী করা হবে সেটাই আমাদের বক্তব্য। আমাদের নতুন করে কিছু বলার নেই।’