দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শুক্রবার জুমার পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনের সড়কে এই সমাবেশ করে।
ইসলামি আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ‘নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণার মাধ্যমে উত্তপ্ত রাজপথে পেট্রোল ঢেলে দিয়েছে। গণবিরোধী এ তফসিল জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ এ অবৈধ তফসিল মানে না।’ সরকারপ্রধানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনী নাটক করবেন না। দ্রুত ক্ষমতা ছেড়ে চলে যান। জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। জাতীয় সরকারবিহীন কোনো নির্বাচন জনগণ সহ্য করবে না। বর্তমান কমিশন দিয়ে আপনাকে নির্বাচনী বৈতরণী পার হতে দেব না।’
বিরোধীদলের নেতাকর্মীদের মুক্তি দিয়ে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়ে ইসলামি আন্দোলনের এই নেতা বলেন, ‘আলোচনা দরজা বন্ধ করে দেশকে অনিশ্চিত গন্তব্যে নেবেন না।’
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, আলতাফ হোসেন, ডা. শহীদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড়, বিজয়নগর পানির ট্রাংকি ঘুরে হাউজ বিল্ডিং চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।