কুমিল্লায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির ডাকা আজ রবিবার থেকে ৪৮ ঘণ্টার হরতালের আগের দিন গতকাল শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার শাসনগাছা নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে রাস্তার পাশে পার্কিং করা ছিল পাপিয়া ট্রান্সপোর্ট নামের একটি বাস। রাত ১১টার দিকে এতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে ৫/৬ জন আরোহী এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়। যখন আগুন দেখে আশপাশের মানুষ চিৎকার করলে তখন মোটরসাইকেল আরোহীরা শহরের দিকে চলে যায়। মোটরসাইকেলে কারা ছিল, দেখা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুমিল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ বলেন, কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। বাসটি দাঁড়িয়ে ছিল। আগুন লাগার ১০ মিনিট পর খবর পেয়েছি। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।