ব্যাংকের মূলধারায় যুক্ত করা যেতে পারে এজেন্টদের

দেশের গ্রামীণ জনগোষ্ঠীকে আর্থিক কর্মকা-ে সম্পৃক্ত করতে এজেন্টগুলো কাজ করছে নিরলসভাবে। এজেন্টদের ব্যবসা টেকসই করার জন্য বাংলাদেশ ব্যাংক এবং এজেন্ট  ব্যাংকিং পরিচালনাকারী ব্যাংকগুলোর এজেন্টদের ওপর মনোযোগ দিতে হবে বলে মনে করেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। তিনি দেশ রূপান্তরকে বলেন, বিনিয়োগসহ শাখা-উপশাখার সঙ্গে সামঞ্জস্য রেখে এজেন্ট আউটলেট থেকে সব ধরনের সেবা চালু করতে হবে, যার মাধ্যমে এজেন্ট লাভজনকভাবে এই ব্যবসা করতে পারে। যেহেতু তারা প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা, তাই তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ইইএফ ফান্ড বা যেকোনো তহবিল থেকে বিনিয়োগ বা প্রণোদনা প্রদান, সরকারি উদ্যোগে সহজ শর্তে বিনিয়োগের ব্যবস্থা করা যেতে পারে। বড় সফলতার জন্য এজেন্টদের ব্যাংকের মূলধারার সঙ্গে যুক্ত করা যেতে পারে।

নিজ ব্যাংকে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু প্রসঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি বলেন, ২০১৫ সালের ২৫ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ড. আতিউর রহমান আমাদের এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স প্রদান করেন এবং ৫০টি এজেন্ট আউটলেট খোলার অনুমতি দেন। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ৩৭৫টি আউটলেট রয়েছে এবং ভবিষ্যতে সারা দেশে ব্যাংকিং সুবিধাবঞ্চিত সব মানুষের কাছে আমরা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

এজেন্ট ব্যাংকিংয়ের ধারণাটি এসেছে মূলত তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য থেকে। ব্যাংকগুলোর পক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা ও উপশাখা খুলে সেবা দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও সেবা দেওয়া যায়। আর তাই এই ধারণাটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। যদিও এজেন্ট ব্যাংকিংয়ের শুরুর দিকে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। তবে এই চ্যালেঞ্জ অতি অল্প সময়ে কাটিয়ে উঠে আমরা এগিয়ে চলেছি।

বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে বাংলাদেশের যেকোনো প্রাপ্তবয়স্ক নাগরিক এজেন্ট হওয়ার যোগ্যতা রাখেন। তবে সরকারি চাকরিজীবী বা ব্যাংকে কর্মরত, আদালত দ্বারা অভিযুক্ত, মানিলন্ডারিং অথবা টেরোরিস্ট ফাইন্যান্সের সঙ্গে যুক্ত ব্যক্তি, ঋণখেলাপি, কোনো মামলায় বিচারাধীন ব্যক্তি, দুর্নীতি দমন কমিশনের তদন্তাধীন ব্যক্তি, ভ্যালিড ব্যবসার লাইসেন্সহীন ব্যক্তি এজেন্ট হতে পারবেন না।

জাফর আলম জানান, এজেন্ট ব্যাংকিং ব্যাংকের পরিচালন ব্যয় কমাতে অনেকভাবে সহায়তা করছে। যেমনঠান্ডা শাখা-উপশাখার মতো এজেন্ট পয়েন্ট থেকে লো-কস্টে  উল্লেখযোগ্য পরিমাণ আমানত সংগ্রহ করা যায়, আলাদাভাবে মার্কেটিং টিম প্রয়োজন হয় না। এজেন্ট নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করে বিধায় স্থাপনা নির্মাণ অথবা ভবন ভাড়ার খরচ হয় না। এজেন্ট তার কর্মকর্তাদের বেতন দিয়ে থাকেন। এছাড়া বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিলসহ যাবতীয় খরচ এজেন্ট নিজেই বহন করে থাকেন, যে খরচগুলো ব্যাংকের বহন করতে হতো।

এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহকদের নিরাপত্তা প্রসঙ্গে জাফর আলম বলেন, যেহেতু গ্রাহকরা আঙুলের ছাপ দিয়ে লেনদেন করেন তাই এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহকরা শতভাগ নিরাপদ। গ্রাহক হিসাব খোলার সঙ্গে সঙ্গে ব্যাংকের সার্ভারে তার আমানতসহ সব তথ্য সংরক্ষিত থাকে। শাখা-উপশাখার গ্রাহকের মতো এজেন্ট আউটলেটের গ্রাহকও আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। তাদের আমানতও ইনস্যুরেন্স কাভারেজ পায়। তাছাড়া এজেন্ট আউটলেটের প্রতিটি লেনদেন গ্রাহক তৎক্ষণাৎ এসএমএস এবং ব্যাংক মুদ্রিত রসিদের মাধ্যমে নিশ্চিত হতে পারেন। এছাড়া প্রতিটি এজেন্ট আমাদের শাখা এবং প্রধান কার্যালয়ের কঠোর নজরদারিতে থাকেন।

তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষকে আর্থিক সেবার আওতায় আনতে শুরু থেকেই আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে এজেন্ট ব্যাংকিংয়ের প্রসারে কাজ করে যাচ্ছি, যাতে দেশের একজন মানুষও ব্যাংকিং সেবার বাইরে না থাকে। এখন পর্যন্ত দেশের ১৭৯টি উপজেলায় আমাদের এজেন্ট ব্যাংকিং আউটলেট ছড়িয়ে আছে যার মাধ্যমে প্রতিদিন প্রায় ৪ কোটি টাকার বেশি লেনদেন হয়। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা, উপজেলা, থানা ও ইউনিয়নে এজেন্ট আউটলেট স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

এজেন্টের মাধ্যমে ঋণ বিতরণ প্রসঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংকের এই এমডি বলেন, আমরা ইতিমধ্যে অনেক আউটলেটের মাধ্যমে মাইক্রো ফাইন্যান্স বিতরণ করেছি এবং সংশ্লিষ্ট শাখা ও এজেন্টের প্রত্যক্ষ মনিটরিংয়ে রিকভারি চলছে। ভবিষ্যতে আমাদের এজেন্টের মাধ্যমে সারা দেশে এসএমই বিনিয়োগ কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা আছে। এর পাশাপাশি ছাদকৃষি, কৃষি, ক্ষুদ্র, মাঝারি শিল্পসহ সব পেশাজীবীর জন্য আলাদা বিনিয়োগ স্কিমের পরিকল্পনা আছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু স্কিম চালু করেছি যার মাধ্যমে সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগ গ্রহণের সুযোগ আছে।

ভবিষ্যতে শাখা-উপশাখার মতো সব সেবা এবং ভ্যালু অ্যাডেড সার্ভিস এজেন্ট আউটলেটে যুক্ত করার পরিকল্পনা আছে আমাদের। যেমন- পাসপোর্ট ফি, ডিপিডিসি, ডেসকো, পিডিবি, ওয়াসা, তিতাস গ্যাস ও বিআরটিএর বিল, সব ধরনের এসএমই বিনিয়োগ, কৃষি বিনিয়োগ, ইজিপি পেমেন্ট ইত্যাদি।