বাংলাদেশ সেনাবাহিনী ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিস সরাফাত উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর পক্ষে শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল ইসলাম এবং কানাডিয়ান ইউনিভার্সিটির পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহসান সমঝোতা স্মারকে সই করেন।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ।
এতে বলা হয়েছে, সেনাবাহিনীর শিক্ষা পরিদপ্তর এবং সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠান দুটির মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করবেন।
এ অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ও কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে আইএসপিআর।