শীতের সবজিতে বাজার ভরপুর হলেও তেমন কোনো সুখবর নেই। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা স্বস্তি মিলছে পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দামে। কমেছে ডিমের দামও। দাম অপরিবর্তিত থেকে চালন্ডচিনির বিক্রি হলেও নতুন করে বেড়েছে মসুর ডালের দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন পেঁয়াজ আসায় মসলাজাতীয় এই পণ্যের দাম অনেকটা কমে এসেছে। তবে মৌসুমি সবজি পাইকারি বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে খুচরা বাজারেও তার দাম বাড়তি থাকছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার, মগবাজারসহ আশপাশের বাজার ঘুরে দেখা যায়, আগের মতো দাম অপরিবর্তিত থেকেই সব ধরনের সবজি বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচা টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল ৬০ থেকে ৭০ টাকার মধ্যে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা আরিফ দেশ রূপান্তরকে বলেন, বাজারে শীতের সবজির ভরপুর জোগান রয়েছে। অবরোধের কারণে পরিবহন খরচ বাড়ায় পাইকারি বাজার থেকে দাম বেশি দিয়ে কিনতে হয় বলে খুচরাতে তার প্রভাব পড়ে। যার কারণে কোনো সবজি ৬০ টাকার নিচে বিক্রি করা সম্ভব না।
এদিকে প্রতি কেজি পেঁয়াজে অন্তত ১০ থেকে ১৫ টাকা কমেছে। বর্তমানের আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা ও দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৩০ থেকে ১৪০ টাকা করে।
মহাখালী কাঁচাবাজারের পিয়াশ স্টোরের বিক্রয়কর্মী নিজাম দেশ রূপান্তরকে বলেন, ইতিমধ্যে বাজারে নতুন পেঁয়াজ এসে গেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা করে। যার প্রভাবে উড়তে থাকা পেঁয়াজের কেজিতে ২০ টাকা কমেছে।
অন্যদিকে মুদি পণ্যের মধ্যে দেশি মসুর ডাল, ইন্ডিয়ান মসুর ডাল বিক্রি হচ্ছে ১৪০ ও ১২৫ টাকায়, যার দাম গত সপ্তাহে ছিল ১৩০ন্ড১৩৫ টাকা এবং ১১৫ টাকা। অ্যাংকর ডাল ৬৮ টাকা, ছোলা ৯০ টাকা, ডাবলি ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা দোকানিরা বলছেন, দুইন্ডতিন দিন ধরে পাইকারি পর্যায়ে ডালের বস্তায় (২৫ কেজি) ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে।
এদিকে শান্তিনগর মাছের বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বড় রুই মাছ ৩০০ন্ড৩৫০ টাকা, মাঝারি রুই মাছ ২৫০ন্ড২৭০ টাকা, কাতলা মাছ ৩০০ন্ড৩৫০ টাকা, বড় পাঙ্গাশ মাছ ২০০ন্ড৩০০ টাকা, পাবদা মাছ ৫০০ন্ড৬০০ টাকা, গলদা চিংড়ি আকারভেদে ৬৫০ন্ড৭৫০ টাকা ও শিং মাছ ৪৫০ন্ড৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট, মাঝারি, বড় ইলিশ মাছ যথাক্রমে ৯০০, ১২০০ ও ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও ছোট কাঁচকি মাছ ৩০০ টাকা, মলা মাছ ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২০০ন্ড২১০ টাকা। ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হওয়া কক মুরগির কেজিতে ২০ টাকা কমে প্রতি কেজি কক মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দামও। সপ্তাহ ব্যবধানে ডিমের দামও কিছুটা কমেছে বিভিন্ন বাজারে। শান্তিনগরে গতকাল প্রতি ডজন লাল ডিম বিক্রি হতে দেখা গেছে ১২০ টাকা, সাদা ডিম ১১০ থেকে ১৫ টাকায়। অবশ্য মহল্লার কোনো কোনো দোকানে মুরগির ডিমের ডজন ১৩০ টাকাও বিক্রি হতে দেখা গেছে।