সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সাবেক নেতারা নিজেরাই নির্বাচনে আসছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপির সাবেক নেতারা স্বন্ডপ্রণোদিত হয়ে নির্বাচনে আসছেন। তারা সব সময় আওয়ামী লীগের নেতাদের বাড়ি বাড়িও যাচ্ছেন। বিএনপির সিদ্ধান্ততাদের নেতাকর্মীরা মেনে নিতে পারেনি। তারা আরও দুটি দলে ভাগ হয়ে গেছে। বিএনপির নেতারাই দলকে ভাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন।

সরকার চাপ দিয়ে বিএনপির সাবেক নেতাদের নির্বাচনে আনছে বলে একটা অভিযোগ রয়েছে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘এখানে চাপের কোনো প্রশ্নই আসে না। এরা স্বন্ডপ্রণোদিত হয়ে নির্বাচনে আসছেন। এরা সব সময় আমাদের নেতাদের বাড়ি বাড়িও যাচ্ছেন। তারা ইলেকশন করবেন, করতে চান। আমাদের কথা একটাই নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, আপনারা দল ভেঙে যে নতুন দল করেছেন সেভাবেও আসুন বা আপনারা যেভাবে আসতে পারেন আসুন। আমাদের তরফ থেকে আপনাদের আমরা স্বাগত জানাই।’

যারা নির্বাচনে অংশ নেবে না তাদের সরকারের পক্ষ থেকে আহ্বান করা হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন তো আহ্বান জানিয়েই দিয়েছে। নির্বাচন ঘোষণা করে দিয়েছে। আমরা তো একটা দল, আমরা তো তাদের আহ্বান করতে পারি না। তারা নিজেরা নির্বাচন কমিশনে যাবেন। তাদের যদি কিছু বলার থাকে, নির্বাচন কমিশনে বলবেন।’

সরকারের প্রভাবে মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের জামিন দেওয়া হচ্ছে না বলে তাদের আইনজীবীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘সরকার প্রভাব বিস্তার করবে কেন? বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আমাদের সরকারের কোনো প্রভাব সেখানে নেই। কেস টু কেস দেখে তারা (বিচারক) জামিন দিচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এখানে কোনো কিছুতে প্রভাবিত হয়ে বিচারকরা সিদ্ধান্ত দেননি। আমাদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয় এটা।’

নির্বাচন থেকে তাদের দূরে রাখতে মামলা ও সাজা দেওয়া হচ্ছে বলে বিএনপি অভিযোগ করার বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘বিএনপির সিদ্ধান্তটাই তাদের নেতাকর্মীরা মেনে নিতে পারেনি। যার প্রমাণ আমি দেখালাম। তারা আরও দুটি দলে ভাগ হয়ে গিয়েছে। বিএনপি নেতারাই ভাগ করেছেন।’

এভাবে নির্বাচন হলে তা অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে কি না, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কেউ ইচ্ছা করে না আসে, তাহলে কি কাউকে জোর করে আনা যাবে? যারা মনে করছেন বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে, বাংলাদেশ যেভাবে চলছে সেই অনুযায়ী একটা নির্বাচন অবশ্যম্ভাবী, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল হতে হবে তারাই নির্বাচনে আসছেন। যারা মনে করছেন জোর করে আসবেন, সন্ত্রাস দিয়ে আসবেন, গাড়ি ভাঙচুর করবেন, জ্বালাওন্ডপোড়াও করবেন, মানুষ হত্যা করবেন, তাদের কথা আলাদা। তারা আলাদাই রয়ে গেছেন। যারা এগুলো চান না তারা কিন্তু ইতিমধ্যে চলে আসছেন। ছোট দল বড় দল সবই একাকার হচ্ছে।