ভারতের দার্জিলিংয়ে নকশালবাড়ি ব্লকের বেলগাছি নামক এলকায় প্রেমিকাকে ফোন করে ডেকে বন্ধুদের সঙ্গে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার স্থানীয় একটি চা বাগানে এই ঘটনা ঘটে। নকশালবাড়ি থানার পুলিশ প্রেমিকসহ দু'জনকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার তাদের আদালতে তোলা হয়।
দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, গ্রেপ্তারকৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর মেডিক্যাল পরীক্ষা করাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, গ্রেপ্তার দু’জনেই নকশালবাড়ি ব্লকের বেলগাছির বাসিন্দা। সেখানে একটি চা-বাগানে দুই অভিযুক্ত কাজ করে। ওই তরুণীও একই এলাকায় থাকে। তাদের মধ্যে একজন ওই তরুণীর প্রেমিক। তরুণীকে ডেকে নিয়ে চা বাগানে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।