বিশ্বজুড়ে নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ হয়ে উঠছে কখনো কখনো নিজের পরিবার ও ঘনিষ্ঠজনেরাই। ২০২৫ সালে বিশ্বে প্রায় ৪৭ হাজার নারী ও কন্যাশিশু তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে হত্যার শিকার হয়েছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস সামনে রেখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার হওয়া নারী ও কন্যাশিশুদের প্রায় ৬০ শতাংশই তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন।
১২২টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কন্যাশিশু তাঁদের পরিচিতজনদের হাতে হত্যার শিকার হয়েছেন।
অঞ্চলভিত্তিক হিসাবে নারীদের হত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে আফ্রিকায়। সেখানে ২২ হাজার ১০০ নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন। এশিয়ায় এ সংখ্যা ১৫ হাজার ১০০। এ ছাড়া আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ জন হত্যার শিকার হয়েছেন।
নারী বা কন্যাশিশু হওয়ার কারণে তাঁদের ইচ্ছাকৃতভাবে হত্যার ঘটনাকে ‘ফেমিসাইড’ বা নারীবিদ্বেষমূলক হত্যাকাণ্ড বলা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের হত্যার হার কমছে তুলনামূলক ধীরগতিতে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপে এ প্রবণতা বেশি লক্ষ করা যাচ্ছে। জাতিসংঘের মতে, বিচারব্যবস্থার কাছে পৌঁছাতে নারীদের নানা প্রতিবন্ধকতা এবং সমাজে প্রচলিত নেতিবাচক রীতিনীতি ও লিঙ্গভিত্তিক বৈষম্যমূলক ধারণা এ ধরনের অপরাধের অন্যতম কারণ।
জাতিসংঘের নারী সংস্থা ইউএন উইমেনের পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রায় প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। অথচ এসব ঘটনার মাত্র ৭ শতাংশ পুলিশকে জানিয়েছেন।
ইউএন উইমেন ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) হিসাব অনুযায়ী, গত কয়েক বছরে পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে হত্যার শিকার নারী ও কন্যাশিশুর সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করেছে।
ইউএনওডিসির পরিচালক মনিকা জুমা বলেন, ভয়াবহ সামাজিক দৃষ্টিভঙ্গি, প্রচলিত রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থার ব্যর্থতা এমন এক পরিবেশ তৈরি করেছে, যেখানে স্ত্রী, কন্যা, মা কিংবা বোনকে হত্যা করাও যেন সহনীয় বিষয় হয়ে উঠছে। এ পরিস্থিতি পরিবর্তনে সমাজের সব স্তরে ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন।
ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহুস বলেন, কোনো সতর্কসংকেত যেন উপেক্ষিত না হয়, সহিংসতার শিকার কেউ যেন সুরক্ষার বাইরে না থাকেন এবং কোনো অপরাধী যেন জবাবদিহির বাইরে যেতে না পারেন, তা নিশ্চিত করতে বিশ্বকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।