তফসিল বাতিল চান বিএনপিপন্থি পেশাজীবী নেতারা

সরকারের পদত্যাগ ও নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে সংলাপের আহ্বান জানিয়েছেন বিএনপি সমর্থক পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) নেতাকর্মীরা। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতারা অবিলম্বে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ দাবি করে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য সংলাপের এ আহ্বান জানান। পরে নির্দলীয় সরকারে অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে মিছিলও করেন তারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালে দেশে প্রহসনের নির্বাচন হয়েছে। দেশের মানুষ কখনই সে ধরনের নির্বাচন চায় না। জনগণ চায় গণতন্ত্র ফিরিয়ে আনতে। তারা চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এ দাবিতে আন্দোলন করতে গিয়ে অনেক রাজনীতিবিদ ও পেশাজীবী, শিক্ষককে কারাগারে বন্দি রাখা হয়েছে। তাই অবিলম্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করতে হবে। নতুন তফসিল ঘোষণা করতে হবে। যে নির্বাচনে জনগণ নির্বিঘেœ ভোট দিতে পারবে। জনগণের আকাক্সক্ষা পূরণ করতে হবে।’

ডা. আবদুল কুদ্দুস বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে ক্ষমতাসীনদের ইন্ধনে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। আজকে বিএনপির সব কার্যালয়ে তালা দিয়েছে। এদিকে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। কিন্তু জনগণ এ নির্বাচনে অংশগ্রহণ করবে না।’

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ‘আমরা পেশাজীবীরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে আছি। আমাদের দাবি হলো, বর্তমানে জনগণের ম্যান্ডেটবিহীন সরকারকে অবিলম্বে পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি ও ঘোষিত নির্বাচনের তফসিল বাতিল করতে হবে। এটা হচ্ছে দেশের জনগণের প্রধান দাবি।’

বিএসপিপির সাবেক আহ্বায়ক ও সাংবাদিক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও বিএসপিপির সদস্য সচিব কাদের গণি চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-অ্যাব-এর সভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অধ্যাপক শামসুল আলম ও অধ্যাপক মো. কামরুল আহসান, অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. এমএ সেলিম, ডা. শহীদ হাসান, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. মো. মেহেদী হাসান, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ।

পেশাজীবী নেতা রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তারের নিন্দা ও মুক্তি দাবি : পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী অভিযোগ করে বলেছেন, সমাবেশ থেকে গাজীপুরে ফেরার পথে বেলা দেড়টার দিকে গাজীপুরের ধীরাশ্রম নামক স্থান থেকে র‌্যাবের একটি দল রফিকুল ইসলাম বাচ্চুকে আটক করেছে। একই সঙ্গে তার মুক্তি দাবি করেছেন তারা।