ঝিনাইদহের হরিণাকুন্ডুর স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের পাশের শুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান শামীম (৪৮) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি এবং হরিণাকুন্ডু পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক। তিনি শুড়া গ্রামের গোলাম রসুল নান্টুর ছেলে। এর আগে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ে বাড়ি থেকে হরিণাকুন্ডু উপজেলা শহরের উদ্দেশ্যে বের হন শামীম হোসেন। এরপর রাতে বাড়ির পাশের খালের ধারে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় এলাকার লোকজন। পরে শামীমকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শামীমের বুকের বাম পাশে গুলি ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিনুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই শামীমের মৃত্যু হয়।
হরিণাকুন্ডু থানার ওসি মাহবুবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘কেন বা কী কারণে কামরুজ্জামান শামীমকে হত্যা করা হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে। এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।’