জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ধলেশ্বরী-১ ও ধলেশ্বরী-২ সেতুসংলগ্ন টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাস ও টোল প্লাজার টাকা আদায়ের একটি বুথ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন তিন বাসযাত্রী।
সড়ক ও জনপথ বিভাগ, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতু টোল প্লাজার তত্ত্বাবধায়ক নুর হোসেন বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামিয়া পরিবহনের বাসটি টোল প্লাজার ৭ নম্বর লেনে পৌঁছালে হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পান। তখন টোল প্লাজার কর্মচারীরা সেখানকার অগ্নিনির্বাপণ সরঞ্জাম দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। নুর হোসেন বলেন, ঘটনার পর প্রায় পৌনে ১ ঘণ্টা টোল প্লাজা দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি জানান, আগুনের ঘটনায় টোল প্লাজার মেইন ক্যাবল, কম্পিউটার, ১০টি সিসি ক্যামেরাসহ ৫০ শতাংশ ফসং (ভ্যারিয়েবল ম্যাসেজিং সাইন) ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাসটির যাত্রীরা জানান, বাস ঢাকা থেকে যাত্রীবোঝাই করে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয়। টোল প্লাজার ৭ নম্বর লেনে টোল আদায় করতে বাসটি গতিরোধ করে। এ সময় আকস্মিক বাসে আগুন ধরে যায়। আতঙ্কিত যাত্রীরা হুঁড়োহুঁড়ি করে বাস থেকে নেমে যান। সে সময় কয়েকজন সামান্য আহত হন।
সিরাজদীখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় তারা বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, ওই বাসসহ টোল প্লাজার ৬ নম্বর বুথ ক্ষতিগ্রস্ত হয়। বাসের আসন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবোঝাই বাসে আগুন লাগে বলে জানা গেছে। অগ্নিদগ্ধ একজনকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকি দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।