এইচএসসির ফল আজ

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আজ রবিবার। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেবেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফলের উদ্বোধন করবেন।

এরপর বেলা ১১টা থেকে এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা। আর এর মাধ্যমেই সাড়ে ১৩ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বেলা ২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, শিক্ষার্থীরা যেকোনো মোবাইল অপারেটরের সাহায্যে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ঐঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে তাকে ফল জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া www.educationboardresults.gov.bd  ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে নম্বরপত্র ডাউনলোড করা যাবে। আর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

চলতি বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট, শেষ হয় ২৫ সেপ্টেম্বর। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে ২৭ আগস্ট থেকে শুরু হয়। সব বোর্ডের ফলই একযোগে প্রকাশ করা হচ্ছে।

করোনা মহামারী শুরুর পর এবারই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা হয়েছে। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী অংশ নেয়।