এক লাইনে দুই ট্রেন, থামাতে গিয়ে লাইনচ্যুত একটি

কিশোরগঞ্জে পয়েন্ট ভুল করে অন্য লাইনে গিয়ে দুটি ট্রেন মুখোমুখি হওয়ার পর থামাতে গিয়ে লাইনচ্যুত হয়েছে একটি। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার কটিয়াদীর গচিহাটা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। সেখানে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও আন্তঃনগর বিজয় এক্সপ্রেস নামে দুটি ট্রেন অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। থামাতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে রেলযোগাযোগ ব্যাহত হয়।

গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মিজানুর রহমান ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘ক্রসিংয়ের জন্য আগে থেকে গচিহাটা স্টেশনে অপেক্ষায় ছিল চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস। বিকেল ৪টা ২০ মিনিটে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। কিশোরগঞ্জ এক্সপ্রেসকে আরেকটি লাইনে প্রবেশ করার সংকেত দেওয়া হয়। কিন্তু সেটি বুঝতে না পেরে যে লাইনে বিজয় এক্সপ্রেস ছিল, সেই লাইনেই ঢুকে পড়ে। চালক শেষ মুহূর্তে ট্রেনটি থামাতে সক্ষম হলেও ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।’

দুর্ঘটনার পর কিশোরগঞ্জ-ভৈরব পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গচিহাটা স্টেশনে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ও কিশোরগঞ্জ এক্সপ্রেসের হাজারের বেশি যাত্রী আটকা পড়ে ভোগান্তির শিকার হন। পরে অনেক যাত্রীকে বিকল্প পথে গন্তব্যে রওনা হতে দেখা যায়।

তাসনিম আলম সাকিব নামে এক যাত্রী বলেন, ‘আমি ৩ নম্বর বগিতে ছিলাম। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাম পাশের লাইনে ওঠার সময় দ্রুতগতিতে স্টেশনে প্রবেশ করতে গিয়ে লাইনচ্যুত হয়। তবে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার পর লাইনচ্যুত বগি ও ইঞ্জিন উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হবে।