মাগুরা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির পর থেকে সাকিব আল হাসানের বাড়িতে উৎসুক জনতার ভিড় বাড়ছে। তবে এখনো নিশ্চুপ দলীয় শীর্ষ নেতারা। অনেকের মনে অসন্তোষ। কারও কারও সাধুবাদ। গতকাল সোমবার বিকেল পর্যন্ত সাকিবকে নিয়ে এমনই অবস্থা জেলা সদরে। তবে এ আসনে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর নির্বাচনে জয়লাভ করতে সাকিবকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুর রহমান টিপু বলেন, ‘সাকিব আল হাসানের মতো আন্তর্জাতিক ক্রিকেট তারকার মাগুরায় মনোনয়নে আমরা খুশি। আমি তাকে স্বাগত জানাই।’
তবে জেলা আওয়ামী লীগের অন্য যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল বলেন, ‘সাকিব আল হাসানের মনোনয়নে আমি সন্তুষ্ট নই। কারণ রাজনীতির মাঠে সে একেবারেই নতুন। তৃণমূল মানুষের সঙ্গে তার বিন্দুমাত্র যোগাযোগ নেই। এত অল্প সময়ের ভেতরে মাগুরা-১ আসনের মতো একটি গুরুত্বপূর্ণ আসনে তাকে মনোনয়ন দেওয়াটা মোটেই যুক্তিযুক্ত মনে করছি না। আগামী পাঁচ বছরে আমরা সাংগঠনিকভাবে অনেক পিছিয়ে যাব। রাজনীতির বাইরে জেলা সদরে অরাজনৈতিক ব্যক্তির মনোনয়নের ঘটনা আগে ঘটেছে। সে ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংগঠন। যেটি গত পাঁচ বছরে সাইফুজ্জামান শিখরসহ আমরা অনেকখানি গুছিয়ে এনেছিলাম। সাকিবের হঠাৎ মনোনয়নের ঘোষণায় এমন অবস্থা হয়েছে যে, সাধারণ নেতাকর্মীদের সঙ্গে কথাই বলা যাচ্ছে না।’
সাকিবের প্রতিবেশী মিলন ঘোষ বলেন, ‘আমরা সকালে কয়েকজন প্রতিবেশী সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা কুটিলের সঙ্গে বসেছিলাম। সকালেই সাকিবের মাগুরায় আসার কথা। সাকিবের বাবা জানিয়েছেন, সাকিব জেলার আওয়ামী লীগের নেতাদের সঙ্গেই মাগুরা আসতে চান। এ কারণে তার আসতে দেরি হচ্ছে। আমাদের প্রতিবেশীদের অনেকের বক্তব্য হচ্ছে, মাগুরা-১ আসনের মনোনয়নের ব্যাপারে আমাদের প্রত্যাশা যাই থাক, এখন সব ভুলে যেহেতু সে মনোনয়ন পেয়েছে, তার পক্ষে কাজ করতে হবে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কু-ু বলেন, ‘এ ব্যাপারে আমরা দলীয়ভাবে সভা ডেকে সিদ্ধান্ত নেব। আপাতত অন্য কোনো মন্তব্য করতে চাই না।’
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহ বলেন, ‘দলীয় বিবেচনায় কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেবে, আমাদের নৌকার সেই প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে।’
এ বাপারে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, ‘দলীয় মনোনয়নের বিষয়ে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা মাগুরা-১ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত ক্রিকেটার সাকিব আল হাসানকে বিজয়ী করতে সর্বাত্মক কাজ করব।’
মাগুরায় দুটি সংসদীয় আসন রয়েছে। মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও মাগুরা-২ আসনে পঞ্চমবারের মতো মনোনয়ন পেয়েছেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকার মনোনয়ন নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।