বন্দি বিএনপি নেতার বাড়িতে বোমা গাড়িতে আগুন

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের বাড়িতে বোমা হামলা ও গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুরে তার গ্রামের বাড়িতে হামলার এই ঘটনা ঘটে।

বাড়ির লোকজন জানান, উপজেলা বিএনপির সভাপতি ও দাগনভূঞা পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন সম্প্রতি গ্রেপ্তার হয়ে বর্তমানে ফেনী কারাগারে আছেন। তার সাদা রঙের প্রিমিও গাড়িটি আলাইয়ারপুরের বাড়িতে মূল ঘরের পেছনে একটি দেয়াল ঘেরা টিনশেড ঘরে রাখা ছিল। সোমবার গভীর রাতে কে বা কারা সেখানে গিয়ে গাড়িটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে আগুন নেভালেও তার আগেই গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

আকবর হোসেনের স্ত্রী উপজেলা বিএনপির সহসভাপতি শাহীনা আকবর বলেন, গভীর রাতে সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে প্রথমে আতঙ্ক ছড়ায়। পরে তারা দেয়াল টপকে ভেতরে ঢুকে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। এজন্য তিনি ক্ষমতাসীন দলের লোকজনকে দায়ী করেন।

দাগনভূঞা থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নেভাতে দমকল বাহিনীকে সহায়তা করে। কেমন করে এ ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। এটা নাশকতা, নাকি যান্ত্রিক ত্রুটির ফলে হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে গত শনিবার সন্ধ্যায় তুলাতুলী এলাকায় বের করা মশাল মিছিল থেকে উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা ঘেরাও করে পুলিশের হাতে তুলে দেয়।