নভেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ২৪% রোগী ৪০% কম ছিল

শেষ হলো ডেঙ্গুর আরেকটি মাস নভেম্বর। এ মাসে গত অক্টোবরের তুলনায় রোগী ৪০ শতাংশ ও মৃত্যু ২৪ শতাংশ কম ছিল। নভেম্বরে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ৪০ হাজার ৭১৬ ও মারা যায় ২৭৪ জন। এ মাসে দৈনিক রোগী ছিল গড়ে ১ হাজার ৩৫৭ ও দৈনিক গড় মৃত্যু ছিল ৯ জন।

এর আগের মাস অক্টোবরে রোগী ছিল ৬৭ হাজার ৭৬৯ ও মৃত্যু ৩৫৯ জনের। সে হিসাবে সেই মাসে দৈনিক গড় রোগী ছিল ২ হাজার ১৮৬ ও গড় মৃত্যু ছিল ১১ জন করে।

গেল নভেম্বরের ১৫ তারিখে এ যাবৎকালের এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়। সেদিন মারা যায় ২৪ জন। এর আগে দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল দুদিন, এ বছরের ২ ও ২০ সেপ্টেম্বর। ওই দুদিন ২১ জন করে মারা যায়।

নভেম্বরে সর্বোচ্চ রোগী ছিল ৫ তারিখে ২ হাজার ১০৩ ও সর্বনিম্ন ২৪ নভেম্বর ৬৪৫ জন। এ মাসে সবচেয়ে কম মারা যায় তিনজন ২৬ নভেম্বর।

নভেম্বরের শেষ দিনে (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ৮৭৭ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ৭৩৩ ও ঢাকায় ১৪৪ জন। এ সময় মারা গেছে সাতজন। তাদের মধ্যে ঢাকার বাইরে চার ও ঢাকায় তিনজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ১১ হাজার ৮৯১ জনে। তাদের মধ্যে ঢাকার বাইরে রোগীর সংখ্যা ২ লাখ ৪ হাজার ৫৫ ও ঢাকায় ১ লাখ ৭ হাজার ৮৩৬ জন। রোগীদের মধ্যে ৬০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ নারী।

এ বছর ডেঙ্গুতে মারা গেছে ১ হাজার ৬২২ জন। তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৯৩৭ ও ঢাকার বাইরে ৬৮৫ জনের। মৃতদের মধ্যে ৫৭ শতাংশ নারী ও ৪৩ শতাংশ পুরুষ।

এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী ও মৃত্যুর রেকর্ড হয়েছে সেপ্টেম্বরে। সেই মাসে রোগী ছিল ৭৯ হাজার ৫৯৮ ও মারা যায় ৩৯৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ রোগী ছিল আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন ও তৃতীয় সর্বোচ্চ রোগী ছিল অক্টোবরে। চতুর্থ সর্বোচ্চ রোগী ছিল জুলাই মাসে ৪৩ হাজার ৮৫৪ জন। সে হিসেবে নভেম্বর রোগীর দিক দিয়ে পঞ্চম সর্বোচ্চ মাস ছিল।

এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু ছিল সেপ্টেম্বরে ৩৯৬ জনের। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ছিল অক্টোবরে, তৃতীয় সর্বোচ্চ আগস্টে ৩৪২ জনের, চতুর্থ সর্বোচ্চ নভেম্বরে ও পঞ্চম সর্বোচ্চ মৃত্যু হয় জুলাই মাসে ২০৪ জনের।