শাহজাহান ওমরকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

বিএনপি ছেড়ে নৌকা প্রতীক নিয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় ঝালকাঠিতে ব্যারিস্টার শাহজাহান ওমরের কুশপুত্তলিকা পুড়িয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা বিএনপি। গতকাল শুক্রবার দুপুর থেকে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে শাহজাহান ওমরের কুশপুত্তলিকা পোড়ান বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দুপুরে ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠী এলাকায় ঝালকাঠি জেলা ও  পৌর বিএনপি নেতাকর্মীরা শাহজাহান ওমরের কুশপুত্তলিকা পোড়ান। এ সময় তারা দলের সঙ্গে ‘বেইমানি করার’ কথা উল্লেখ করে শাহজাহান ওমরের বিরুদ্ধে নানা রকম নেতিবাচক সেøাগান দেন। এরপর বিকেল ৩টায় শহরের আমতলা সড়কে ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদ সালাউদ্দিনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শাহজাহান ওমরকে ‘বেইমান মীরজাফর’ উপাধি দিয়ে নানা রকম সেøাগান দিয়ে কুশপুত্তলিকা পোড়ান। এ ছাড়া ভৈরবপাশা ইউনিয়নের ডাপর এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তার কুশপুত্তলিকা পোড়ান।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, ‘ব্যারিস্টার শাহজাহান ওমর দলের সঙ্গে রাজপথে আন্দোলনে দলের নেতাকর্মীদের ঝড়ানো রক্তের সঙ্গে বেইমানি করেছেন। গত ১৫ বছর ফ্যাসিবাদী কায়দায় যে দলটি ক্ষমতা কুক্ষিগত করতে শতশত নেতাকর্মীকে গুম-খুন করেছে, সেই দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার মতো ঘৃণ্য আর কোনো কাজ হতে পারে না। নেতাকর্মীদের ঘৃণার বহিঃপ্রকাশ তার কুশপুত্তলিকা দাহ।’

তিনি আরও বলেন, ‘তাকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপি তাকে ঝালকাঠি জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছে। তিনি নৌকায় না উঠে বেইমানি করে স্বতন্ত্র প্রার্থী হলে হয়তো কিছুটা কম ঘৃণিত হতেন। নির্বাচনে যাওয়ায় আম-ছালা দুটোই যাবে তার।’