দেশে চার মাস ১১ দিন পর ডেঙ্গুতে সর্বনিম্ন একজনের মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া এই একজন ঢাকার হাসপাতালে ভর্তি ছিল। এর আগে সমসংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে গত ২১ জুলাই। এই চার মাস ১১ দিনে ডেঙ্গুতে মারা গেছে ১ হাজার ৪৭২ জন। এ সময় দৈনিক গড় মৃত্যু ছিল ১১ জন করে।
এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেল ১ হাজার ৬২৯ জন। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে ৯৪২ ও ঢাকার বাইরে ৬৮৭ জন। মৃতদের মধ্যে ৯৩৪ জন নারী ও ৬৯৫ জন পুরুষ। এ বছর মৃত্যুহার শূন্য দশমিক ৫ শতাংশ। তবে ঢাকায় মৃত্যুহার শূন্য দশমিক ৯ শতাংশ ও ঢাকার বাইরে শূন্য দশমিক ৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৬০৫ জন ভর্তি হয়েছে। এ নিয়ে টানা ৯ দিন ধরে দৈনিক রোগীর সংখ্যা ১ হাজারের নিচে রয়েছে। নতুন রোগীদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ৪৬৬ ও ঢাকায় ১৩৯ জন।
এ নিয়ে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ১২ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে ঢাকায় রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ১১৩ ও ঢাকার বাইরে ২ লাখ ৪ হাজার ৮৫১ জন। রোগীর ৬০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ নারী।
চলতি মাসের দুদিনে ১ হাজার ৭৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় মারা গেছে ৭ জন। এ বছর জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব ছিল বেশি। এর মধ্যে সর্বোচ্চ রোগী ও মৃত্যুর রেকর্ড হয়েছে সেপ্টেম্বরে। সে মাসে রোগী ছিল ৭৯ হাজার ৫৯৮ ও মারা গেছে ৩৯৬ জন।