রাজশাহীতে নৌকার বিপক্ষে লড়বেন আ.লীগের ৩ এমপি

রাজশাহীতে আওয়ামী লীগের তিনজন সংসদ সদস্য (এমপি) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিপক্ষে লড়বেন। এজন্য আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত এই এমপিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হক এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ডা. মনসুর রহমান।

রাজশাহী-৩ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান এমপি আয়েন উদ্দিন। আয়েন ২০১৪ সাল থেকে পরপর দুবার এ আসনের এমপি। স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘পবা-মোহনপুরের বাইরের লোক এসে এলাকাকে অশান্ত করতে চান। তাই তিনি প্রার্থী হয়েছেন।’ নৌকার প্রার্থী আসাদুজ্জামান বলেন, ‘মনোনয়নবঞ্চিত হিসেবে এখন তিনি অনেক কথাই বলতে পারেন। এসব কথাকে আমি আমলে নিচ্ছি না। আমি আশা করছি, শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি নৌকার পক্ষেই থাকবেন। আর যদি শেষ পর্যন্ত দলীয় মনোনয়নকে চ্যালেঞ্জ করে নৌকার বিপক্ষে ভোট করেন, তার প্রতিক্রিয়া তখনই বলব।’

রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাহেরপুর পৌরসভার সদ্যসাবেক মেয়র আবুল কালাম আজাদ। এখানে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান এমপি এনামুল হক। এনামুল ২০০৮ সাল থেকেই এ আসনের এমপি।

রাজশাহী-৫ আসনে দলের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা। তার বিপক্ষে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান এমপি ডা. মনসুর রহমান। দারা ২০০৮ ও ২০১৪ সালে এ আসনের এমপি হয়েছিলেন। ২০১৮ সালে তিনি ছিটকে পড়লে মনোনয়ন পান মনসুর রহমান। এবার মনসুর বাদ পড়েছেন। আবারও মনোনয়ন পেয়েছেন দারা।

তবে দারাকে ভোটের মাঠে ছাড় দিতে নারাজ বর্তমান এমপি। তিনি বলেন, ‘নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে সবার অংশগ্রহণের সুযোগ আছে। তাই তিনি প্রার্থী হয়েছেন। এ আসনে দারার বিপক্ষে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ও জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবাইদুর রহমান স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।