সৈকতে যাওয়ার ২ ঘণ্টার মধ্যে সাগরে দম্পতির লাশ

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসার দুই ঘণ্টার মধ্যেই ভাসমান অবস্থায় এক দম্পতির মরদেহ সাগর থেকে উদ্ধার করেছে লাইফগার্ড। গতকাল রবিবার সকাল ১১টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের অদূরের সাগর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

এই দম্পতি হলেন নাটোর পৌর এলাকার বনলতা গ্রামের বোরহান উদ্দীনের ছেলে আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা। এই দম্পতি শনিবার সকালে হোটেল সি-গালের একটি কক্ষে ওঠেন।

হোটেলটির ম্যানেজার নূর মোহাম্মদ রাব্বী জানান, শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে বকুল-সুমা দম্পতি হোটেলের ৩২৭ নম্বর কক্ষটি ভাড়া নেন। গতকাল সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে যান। কয়েক ঘণ্টা পরও ফিরে না আসায় খোঁজ নিয়ে জানতে পারেন দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সি-সেইভ লাইফগার্ড সুপারভাইজার ওসমান গণি বলেন, সকাল সোয়া ১০টার দিকে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ভাসমান অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করেছেন। তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

সি সেইভ লাইফগার্ডের ইনচার্জ ইমতিয়াজ হক বলেন, সাগরে ডুবে নাকি অন্যভাবে তাদের মৃত্যু হয়েছে সেটা তারা জানতে পারেননি।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আপেল মাহমুদ বলেন, মৃতদের স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।