জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৮ চলাকালে নজিরবিহীন এক বিতর্ক তৈরি হয়েছে, যার কেন্দ্রে সম্মেলনের সভাপতি নিজেই। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অনুষ্ঠিত এবারের সম্মেলনের সভাপতি সুলতান আল-জাবেরের অতীতের একটি মন্তব্য এখন ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে বের হয়ে আসার পেছনে কোনো বিজ্ঞান নেই।’ সংবাদমাধ্যমের কল্যাণে এই মন্তব্য সামনে আসার পর তুমুল হইচই শুরু হয়েছে। তবে গতকাল সোমবার তিনি বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
ইউএইর রাষ্ট্রীয় তেল কোম্পানির কর্ণধার সুলতান আল-জাবের এবার কপ সম্মেলনে সভাপতিত্ব করছেন। তেল খাতের একজন শীর্ষ ব্যক্তির সভাপতি হওয়া নিয়ে বছর জুড়েই ব্যাপক আলোচনা হয়েছে। জলবায়ু আন্দোলনকর্মী থেকে শুরু করে বিজ্ঞানীদের দীর্ঘদিনের দাবি ছিল, জলবায়ু পরিবর্তনের লাগাম টানতে তেল ও গ্যাসের মতো জীবাশ্মের ব্যবহার বন্ধ করতে হবে। কিন্তু সেই কপ সম্মেলনের মঞ্চে সুলতান আল-জাবের বলেন, ‘দেড় ডিগ্রি সেলসিয়াসের যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে, তা অর্জন করতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে এ কথার পেছনে কোনো বিজ্ঞান বা পরিস্থিতি নেই।’ গত ২১ নভেম্বর অনলাইনে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে এ ধরনের মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের জলবায়ুবিষয়ক সাবেক দূত মেরি রবিনসনের এক প্রশ্নের জবাবে আল-জাবের ওই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, জীবাশ্ম জ¦ালানি ব্যবহার ধারাবাহিকভাবে বন্ধ করা হলে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করা ব্যাহত হবে। বিশ্বকে গুহা যুগে ফিরিয়ে নিতে না চাইলে জীবাশ্ম বন্ধ করা যাবে না।
বিজ্ঞানীরা তার মন্তব্যকে ‘বিস্ময়রকম উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছেন। অনেকে বলছেন, এ ধরনের কথার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বাস্তবতা উপেক্ষা করার প্রবণতা সৃষ্টি হতে পারে। উদ্ভূত বিতর্কের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ করতে এসে গতকাল সংবাদ সম্মেলনে নিজের বিরক্তি প্রকাশ করেন আল-জাবের। এ সময় তিনি বলেন, ‘আমি যথার্থই মনে করি, এখানে নিশ্চয়ই কোনো বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং ভুলভাবে উপস্থাপন হয়েছে। কপ-২৮-এর সভাপতির কাজ বারবার ক্ষুন্ন করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে।’