বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনি ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছান। এরপর জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানান। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সব সদস্যের রুহের মাগফিরাত কামনা করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন। বেলা পৌনে ১টায় তিনি ঢাকার সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে রওনা হন। পদ্মা সেতু হয়ে তিনি বিকেল ৪টায় টুঙ্গিপাড়া পৌঁছান।

আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।