টিপু মুনশির এবার স্বর্ণ নেই, আছে দুই কোটি টাকা

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে মনোনয়ন পেয়েছেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় নিজ নামে কোনো টাকা উল্লেখ না করলেও দ্বাদশ সংসদ নির্বাচনে নগদ দুই কোটি টাকার বেশি দেখিয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে ৬০ হাজার টাকার স্বর্ণালংকার দেখানো হলেও এবার তা শূন্য দেখানো হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে।

হলফনামা সূত্রে জানা গেছে, টিপু মুনশি ২০১৮ সালের একাদশ নির্বাচনে নিজ নামে নগদ কোনো টাকা না দেখালেও এবার দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেছেন নগদ অর্থের পরিমাণ ২ কোটি ৯০ হাজার ২৩৬ টাকা। একাদশে চাকরি খাতে আয় দেখানো হয়েছিল ২ লাখ ৪০ হাজার টাকা এবারে চাকরি বাবদ আয় দেখানো হয়েছে ৫০ লাখ ৮৮ হাজার টাকা এবং ব্যবসায় আয় দেখানো হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৬৭৯ টাকা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ত্রীর নামে বন্ড, স্টক একচেঞ্জ দেখানো হয়েছিল ৪ কোটি ৫১ লাখ ৬১ হাজার টাকা। এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তা কমে দেখানো হয়েছে ৩ কোটি ৯৫ লাখ ৫০ হাজার ৪০০ টাকা। বাস-ট্রাক ইত্যাদিতে আয় দেখানো হয়েছে ১ কোটি ৭২ লাখ ৩০ হাজার ২৮০ টাকা।

একাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষি জমি না দেখানো হলেও এবারে কৃষি জমি রয়েছে ৫৯ লাখ ৭৩ হাজার ৬০০ টাকার। দালান আবাসিক ও বাণিজ্যিক রয়েছে ২৭ লাখ ২২ হাজার ১০০ টাকার। এ ছাড়াও আসবাবপত্র দেখানো হয়েছে ৪০ হাজার টাকার।

টিপু মুনশি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাণিজ্যমন্ত্রী হন। টিপু মুনশি ২০০১ সালে অষ্টম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।