বরিশাল ও সিলেটের পুলিশ কমিশনার এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ওসিকেও প্রত্যাহার করে তাদের জায়গায় অন্য কর্মকর্তাকে পদায়ন করতে বলেছে ইসি।
গতকাল রবিবার নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। যথাযথ ব্যবস্থা নিতে জনপ্রশাসনের সিনিয়র সচিব ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ চিঠি দেয় ইসি।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ওসিদের বদলির পর এই পদক্ষেপ নিল ইসি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৩০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিল ইসি। কাদের বদলি করা হবে সেই প্রস্তাব কমিশনে পাঠাতে বলা হয়। সে অনুযায়ী ছয় মাসের বেশি সময় ধরে একই কর্মস্থলে থাকা ওসিদের তালিকা কমিশনে পাঠায় জননিরাপত্তা বিভাগ। আর এক বছর দায়িত্বে থাকা শতাধিক ইউএনওর বদলির প্রস্তাব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেয় ইসি।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তার আগে ৩৩৮ থানার ওসিকে বদলির বিষয়ে সম্মতি দেয় নির্বাচন কমিশন।
ওইদিন ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে এই ওসিদের বর্তমান নির্বাচনী এলাকার বাইরে বদলি করা হয়েছে। কোথাও একই জেলায়, কোথাও জেলার বাইরে বদলি করা হয়েছে।’
নির্বাচন কমিশন এ পর্যন্ত ২০৫ জন ইউএনওর বদলির প্রস্তাব অনুমোদন করেছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘নির্বাচনী এলাকার অবস্থানের ভিত্তিতে ইউএনওদের বদলি হচ্ছে।’