সম্পদ ও আয় দুটোই বেড়েছে মোতাহারের

লালমনিরহাট- ১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাংসদ এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের সম্পদ ও আয় দুটোই বেড়েছে। ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া মোতাহার হোসেনের হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেওয়া হলফনামায় তিনি ২ কোটি ২৭ লাখ ২৬ হাজার ৪৫৯ টাকার সম্পদের (অস্থাবর ও স্থাবর) হিসাব দিয়েছেন। আর ২০২৪ সালের নির্বাচনের জন্য দেওয়া হলফনামা অনুযায়ী, ৫ বছরে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৩২৭ টাকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় মোতাহার হোসেন ৩৩ লাখ ৪১ হাজার ২৩০ টাকা বার্ষিক আয় দেখিয়েছেন। এর মধ্যে কৃষি খাত থেকে ৩ লাখ ১৬ হাজার ৬২০, বাড়ি ও অ্যাপার্টমেন্ট ও দোকান ভাড়া বাবদ ২ লাখ ৮৫ হাজার ৬০০, ব্যবসা থেকে ২০ লাখ, চাকরি থেকে ৬ লাখ ৬০ হাজার ও অন্যান্য সুদ ৭৯ হাজার ১৮ টাকা আয়ের কথা উল্লেখ করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় মোতাহার হোসেন ১৭ লাখ ৭৩ হাজার ৬০৪ টাকা বার্ষিক আয় দেখিয়েছেন। এর মধ্যে কৃষি খাত থেকে ১ লাখ ১৩ হাজার ৬০৪, ব্যবসা থেকে ১০ লাখ এবং চাকরি থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা আয়ের কথা উল্লেখ করেছেন।

অস্থাবর সম্পদ হিসেবে মোতাহার হোসেন ২৫ লাখ ৭৬ হাজার ৭৬৪, গাড়ির মূল্য হিসেবে ১ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ২২২, ৪০ হাজার টাকার স্বর্ণালংকার, ১ লাখ ৯৯ হাজার ৩০০ টাকার ইলেকট্রনিকস সামগ্রী এবং ১ লাখ ২০ হাজার টাকার আসবাব দেখিয়েছেন। হলফনামা অনুযায়ী মোতাহার হোসেনের বর্তমান অস্থাবর সম্পদের আর্থিক মূল্য টাকাসহ ১ কোটি ৭৯ লাখ ২৫ হাজার ২৮৬ টাকা। একই হলফনামায় তিনি স্থাবর সম্পদ হিসেবে ২০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৭ দশমিক ২১ একর কৃষিজমি, ১ লাখ ৮২ হাজার টাকা মূল্যের শূন্য দশমিক ৫৪ একর অকৃষিজমি, ১ কোটি ৭২ লাখ ৪ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন অবকাঠামো/স্থাপনা (দালান, আবাসিক/বাণিজ্যিক) এবং ২০ লাখ টাকা মূল্যের রাজউক প্লটের কথা উল্লেখ করেছেন। সব মিলিয়ে তার বর্তমান স্থাবর সম্পদের মূল্য ২ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা।

গত ২০১৮ সালের হলফনামায় অস্থাবর সম্পদ হিসেবে মোতাহার হোসেন ৩২ লাখ ৬ হাজার ৬৫৯, গাড়ির মূল্য হিসেবে ৬৫ লাখ ৮০ হাজার, ৪০ হাজার টাকার স্বর্ণালংকার, ১ লাখ ৯৯ হাজার ৩০০ টাকার ইলেকট্রনিকস সামগ্রী এবং ৪৫ হাজার টাকার আসবাব দেখিয়েছেন। হলফনামা অনুযায়ী মোতাহার হোসেনের বর্তমান অস্থাবর সম্পদের আর্থিক মূল্য নগদ টাকাসহ ১ কোটি ৭০ হাজার ৯৫৯ টাকা। একই হলফনামায় তিনি স্থাবর সম্পদ হিসেবে ৭০ হাজার টাকা মূল্যের ৬ দশমিক ২১ একর কৃষিজমি, ১ লাখ ৮২ হাজার টাকা মূল্যের শূন্য দশমিক ৫৪ একর অকৃষিজমি, ১ কোটি ৪ লাখ ৩ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন অবকাঠামো/স্থাপনা (দালান, আবাসিক/বাণিজ্যিক) এবং ২০ লাখ টাকা মূল্যের রাজউক প্লটের কথা উল্লেখ করেছেন। সব মিলিয়ে তার বর্তমান স্থাবর সম্পদের মূল্য ১ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। সে হিসেবে মোতাহার হোসেনের সম্পদ ও আয় দুটোই বেড়েছে।