দেশের কারাগারগুলোকে সরকার টর্চার সেলে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দেশের ৬৮টি কারাগার একেকটি টর্চার সেল। যেখানে প্রতিমুহূর্তে মৃত্যু আতঙ্কে থাকেন রাজনৈতিক বন্দিরা। গায়েবি মিথ্যা মামলায় সুস্থ-সবল নেতাকর্মীদের ধরে নির্যাতন করে কারাগারে নিক্ষেপের পর লাশ বানিয়ে বের করা হচ্ছে। কারাগার থেকে বেরোচ্ছে লাশের সারি।’ গতকাল সোমবার ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির এ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে একাদশ দফায় শুরু হওয়া ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচির আগে এ ব্রিফিং করেন রিজভী। জামায়াতে ইসলামীসহ বর্তমান সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোও এ অবরোধ কর্মসূচি পালন করবে। এ অবরোধের আগের দিন রাজধানীর মতিঝিল, মোহাম্মদপুর, টিকাটুলী ও আশুলিয়ায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গতকাল রাত সাড়ে ৮টার দিকে ‘মিডলাইন পরিবহনের’ একটি বাসে আগুন দেওয়ার সময় শাহিন (২৪) ও আবু বক্কর সিদ্দিক (২৪) নামে দুই যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা।
ভার্চুয়াল ব্রিফিংয়ে দলের নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষকে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানান রিজভী। এ ছাড়া পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও কর্মসূচি পালনে নিজ নিজ দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের বরাত দিয়ে রিজভী ভার্চুয়াল ব্রিফিংয়ে অভিযোগ করে বলেন, ‘গত বছরের তুলনায় চলতি বছর কারাগারে কারাবন্দির মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত বছর জেল হেফাজতে মৃত্যু হয় ৬৫ জনের। যাদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের আগে বিরোধীদের বিরুদ্ধে চলমান ক্র্যাকডাউনের মধ্যে চলতি ডিসেম্বরে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই বিএনপি নেতাকর্মী।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতাসীন সরকার দখলদারিত্ব ধরে রাখতে পুরো দেশকে নরকপুরীতে পরিণত করেছে। ঘরে-বাইরে কোথাও নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। সরকারের প্রতিপক্ষদের জীবন রাষ্ট্রীয় নজরদারি-বন্দুকের নলের নিচে বন্দি। বাইরের মতো কারাগারগুলোও পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়। কারাগারগুলোকে হিটলারের গ্যাস চেম্বারের মতো পরিণত করা হয়েছে। যেখানে প্রতিমুহূর্তে মৃত্যু আতঙ্কে থাকেন রাজনৈতিক বন্দিরা।’
রিজভী বলেন, ‘গণমাধ্যমের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীসহ চলতি বছরে জেল হেফাজতে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে।’
পেঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, ‘একতরফা পাতানো নির্বাচনী খরচ জোগাতে মন্ত্রী-এমপি-নেতাদের সিন্ডিকেটের হাতে ছেড়ে দেওয়া হয়েছে নিত্যপণ্যের বাজার। দুদিন আগে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে পেঁয়াজের দাম। ১০০ টাকার পেঁয়াজ দুদিনে প্রায় ৩০০ টাকায় তুলেছে। সরকার যদি নির্বাচিত হতো বা জনগণের ভোটের প্রয়োজন পড়ত তাহলে দলীয় ব্যবসায়ীদের হাতে বাজারের নিয়ন্ত্রণ ছেড়ে দিত না।’
সারা দেশে নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেপ্তারের বিবরণ তুলে ধরে রিজভী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১০ জনকে গ্রেপ্তার, ৫টি মামলায় ৪৩৬ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ১৫ জনের বেশি নেতাকর্মী।’
অবরোধের আগের দিন চার বাসে আগুন : বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ১১ দফা অবরোধের আগের দিন গতকাল রাজধানীর মতিঝিল, মোহাম্মদপুর, টিকাটুলি ও আশুলিয়ায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বিকেল থেকে রাত ১০টার মধ্যে এ বাসগুলোতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন লাগার খবর পান তারা। তখন দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছিল। ওই সময় ঘটনাস্থল থেকে জানানো হয় আগুন নিভে গেছে।
মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তারা এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেননি।
এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, গতকাল রাত সোয়া ৭টার দিকে আশুলিয়ায় কবিরপুর বাসস্ট্যান্ডে ‘ইতিহাস পরিবহন’ নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
এদিকে রাত পৌনে ১০টার দিকে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়।
এদিকে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল চট্টগ্রাম সদর এলাকায় অভিযান চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে একই অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ অক্টোবর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হামলা ও নাশকতাসহ পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত ৮৬৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত ২৮ অক্টোবর সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর সরকার পতনের আন্দোলন হিসেবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় দেশে ২১ দিন অবরোধ ও ৪ দিন হরতাল কর্মসূচি পালন করেছে তারা।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বিএনপি নেতাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।