১১তম দফার অবরোধ

পুড়ল ৫ বাস ট্রাক ২৫৫ নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগ

বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ও সমমনা দলগুলোর একাদশ দফায় ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে। তবে অবরোধের তেমন একটা প্রভাব দেখা যায়নি জনজীবন ও সড়কে। রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে গণপরিবহনের পাশাপাশি সচল ছিল দূরপাল্লার বাস চলাচল। অবশ্য আগের দফার অবরোধগুলোর মতো আগুন দেওয়া হয়েছে যানবাহনে। এ দফার অবরোধ শুরুর আগের রাতে ও গতকাল আগুনে পুড়েছে পাঁচটি বাস-ট্রাক।

অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীদের অবরোধ কর্মসূচি সফল করতে মাঠে তেমন একটা তৎপর দেখা যায়নি। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ ছাড়া গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোটসহ বর্তমান সরকারবিরোধী অন্য রাজনৈতিক দলগুলো মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে।

অবরোধের প্রথম দিন গতকাল রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর বাংলা মোটরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ফায়ার সার্ভিসে খবর দেওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।

এর আগে রাজধানীর গুলিস্তান এলাকায় আলাদা আলাদা সময়ে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, সকাল ১০টার দিকে গুলিস্তানে স্টেডিয়ামের পাশে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর দুপুর সোয়া ১২টার দিকে গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, গত ২৮ অক্টোবর থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা ২৭৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকার জাঝর এলাকায় গতকাল সকাল ৬টার দিকে চলন্ত একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া ফেনীতে গত সোমবার রাত ৯টার দিকে ফেনী-কুমিল্লা পুরাতন মহাসড়কের ফেনী পৌরসভার সালাউদ্দিন মোড়ের কাঠবাইল্লা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া তিনটি অটোরিকশা ভাঙচুর করে দুর্বৃত্তরা।

ধরপাকড় চলছেই : গতকাল বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ভার্চুয়াল ব্রিফিং করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৫৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে সাতটি, যাতে আসামি করা হয়েছে ৮৭০ জনের বেশি নেতাকর্মীকে। এ ছাড়া আহত হয়েছেন ৩৫ জনের বেশি নেতাকর্মী এবং মারা গেছেন একজন।’

র‌্যাব গতকাল দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নাশকতা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দুই বিএনপি নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুর রহমান।

ঝটিকা মিছিলে সীমাবদ্ধ তৎপরতা : গতকাল সকালে রাজধানীর বাংলা মোটর এলাকায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল হয়। মিছিলটি বাংলা মোটর থেকে শুরু হয়ে কারওয়ান বাজার সোনারগাঁও মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় রিজভী বলেন, ‘হামলা করে, মিথ্যা মামলা দিয়ে, গায়েবি সাজা দিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না। বাংলাদেশের জনগণ ভাগাভাগি ও পাতানো নির্বাচন হতে দেবে না।’

পরে দুপুরে বাংলা মোটরে ঝটিকা মিছিল করেন যুবদল কেন্দ্রীয় সংসদের নেতারা। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তাদের নেতাকর্মীরা। এদিন বিকেলে আমার বাংলাদেশ (এবি) পার্টি দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করে। মিছিল শেষে বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়।