পাঁচ মাস পর ঢাকায় ডেঙ্গুতে মৃত্যুশূন্য একটি দিন দেখল দেশের মানুষ। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যে দুজনের মৃত্যু হয়েছে, তারা সবাই ঢাকার বাইরে মারা গেছে। এর আগে দেশে ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন ছিল গত ১৪ জুলাই।
চলতি বছরের এই পর্যন্ত ঢাকায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৬১, যা মৃত্যুর ৫৮ শতাংশ। বাকি ৪২ শতাংশ বা ৭০৬ জন মারা গেছে ঢাকার বাইরে। ঢাকার বাইরে রোগীর সংখ্যা বেশি হলেও মৃত্যু ঢাকায় বেশি। ঢাকায় রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ১৮১, যা রোগীর ৩৪ শতাংশ। বাকি ২ লাখ ৮ হাজার ৭৭৫ জন রোগী ঢাকার বাইরে, যা রোগীর ৬৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে চলতি বছরের এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৬৭। তাদের মধ্যে নারী মারা গেছে ৯৫৪ ও পুরুষ ৭১৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৩১১ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ২৩১ জন, যা দিনের ভর্তি রোগীর ৭৪ শতাংশ। বাকি ৮০ জন বা ২৬ শতাংশ ঢাকায় ভর্তি হয়েছে।
এ মাসে গত ১২ দিনে ৪৫ জন ডেঙ্গুতে মারা গেছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৬ হাজার ৬৫ জন। এর আগের মাসে নভেম্বরে মারা গিয়েছিল ২৭৪ ও ভর্তি হয়েছিল ৪০ হাজার ৭১৬ জন।