আয়-সম্পদ দ্বিগুণ হয়েছে জাপা মহাসচিব চুন্নুর

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর বার্ষিক আয় বেড়ে দ্বিগুণ হয়েছে। বেড়েছে সম্পদের পরিমাণও। স্ত্রীর নামে রয়েছে বিপুল পরিমাণ টাকাসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। মুজিবুল হক চুন্নু এই নির্বাচনী এলাকার এমপি হিসেবে টানা তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করছেন। এবারও দ্বাদশ সংসদ নির্বাচনে জাপার প্রার্থী হিসেবে লড়েছেন তিনি।

হলফনামায় দাখিল করা তথ্য অনুযায়ী, বর্তমানে তার বার্ষিক আয় ২৫ লাখ ৩০ হাজার টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ হচ্ছে ৪ কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৪৬৯ টাকা। আর স্থাবর সম্পদ ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৪৫০ টাকা। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের আগে তার বার্ষিক আয় ছিল ১২ লাখ ৫৭ হাজার ৬৪৮ টাকা। এ সময় তার সম্পদ ছিল ৬ কোটি ৬০৩ টাকা।

হলফনামা অনুযায়ী মুজিবুল হক চুন্নুর ব্যাংক আমানত রয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৫৮ টাকা। সংসদ সদস্য হিসেবে ভাতা পেয়েছেন ১৭ লাখ ১১ হাজার ৪৫০ টাকা। ব্যাংকে জমা আছে ৩ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৮৩ টাকা। তার কাছে আমেরিকার ডলার আছে ২৩ হাজার ৭০৫ দশমিক ৭১ ডলার। বন্ড, ঋণপত্র আছে ৯৭ লাখ ২১ হাজার ৫৮৪ টাকার। পরিবহন ব্যবসা থেকে আয় করেন ১ কোটি ১০ লাখ টাকা। চুন্নুর মালিকানায় রয়েছে ৪ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী, ১ লাখ ৭০ হাজার টাকার আসবাব ও ২ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ২টি আগ্নেয়াস্ত্র। স্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৪৫০ টাকার। কিশোরগঞ্জে স্ত্রীর সঙ্গে যৌথ নামে চুন্নুর ৪ দশমিক ২৫ একর জমি আছে, যার মূল্য দেখানো হয়েছে ১৫ লাখ ৪০ হাজার টাকা। রয়েছে ৭ দশমিক ৭৫ একর জমি, যা কেনার সময় মূল্য ছিল ১৯ লাখ ৮১ হাজার ৪৫০ টাকা। ঢাকার রাজউক পূর্বাচলে ১০ কাঠা জমির মালিক তিনি। যার দাম ৩৭ লাখ ১ হাজার টাকা। স্ত্রীর কাছ থেকে প্রত্যাশা সমবায় সমিতির একটি প্লট কেনার জন্য আগাম দিয়েছেন ৬০ লাখ টাকা। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা গ্রামে তার একটি বাড়ি রয়েছে। যার মূল্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা। মুজিবুল হক চুন্নুর স্ত্রীর নামে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। ঢাকায় তার স্ত্রী সরকারের অতিরিক্ত সচিব রোকসানার মালিকানায় রয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৮০৭ টাকা মূল্যের দেড় হাজার স্কয়ার ফিটের ফ্ল্যাট, ৪ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের প্রত্যাশা সমবায় সমিতির প্লট। স্ত্রীর কাছে আছে নগদ ১১ লাখ ৯৩ হাজার ২৯৪ ও ১০ হাজার ৫৭০ দশমিক ১৮ মার্কিন ডলার। আছে ২ কোটি ৪৫ লাখ টাকার সঞ্চয়পত্র। স্ত্রীর কাছে স্বর্ণ আছে ২৯ ভরি।

মুজিবুল হক চুন্নু এলএলএম পাস। এবার কিশোরগঞ্জ-৩ আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদসহ ৭ প্রার্থী।