ঋণখেলাপির দায়ে যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হকের (বাবুল) মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের মনোনয়নপত্র আপিলেও বাতিল করেছে কমিশন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে ৪৮ জনের প্রার্থিতা ফিরে পেয়েছে। এ নিয়ে চার দিনে ২১৬ জন প্রার্থিতা ফিরে পেলেন।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এই শুনানিতে অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন।
ইসি জানায়, চতুর্থ দিনে ১০৩ জনের আপিল শুনানি করেছে ইসি। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৮ জন, বাতিল হয়েছে ৫৩ জনের এবং দুজন আপিলকারীর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এর আগে তৃতীয় দিনে ৬১, দ্বিতীয় দিনে ৫১ এবং প্রথম দিনে ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল জমা পড়েছে। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
এদিকে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী, লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্প ধারার মনোনীত প্রার্থী মেজর (অব.) আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। তিনি ৩ কোটি ২৯ লাখ টাকার ট্যাক্স পরিশোধ করেননি। এসব অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার রায়কে বৈধতা দিয়েছে ইসি। এ ছাড়া ঋণখেলাপির দায়ে যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হকের (বাবুল) মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যদিও শুনানি শেষে এনামুল হকের আইনজীবী হারুনুর রশিদ খান সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি সেখানে আমরা ন্যায়বিচার পাব।
গত ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওইদিন পর্যন্ত ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা যাচাই-বাছাইয়ে ১ হাজার ৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করে ইসি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি।