জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দেজাররিক বলেছেন, বাংলাদেশে মৌলিক অধিকার ও সুষ্ঠু ভোটের প্রশ্নে জাতিসংঘ অব্যাহত যোগাযোগ রাখছে। তিনি বলেন, অব্যাহতভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছি এবং যে নির্বাচনে ভোটাররা ভীতিমুক্ত অথবা অন্য কোনো পরিণতির আতঙ্ক ছাড়া ভোট দিতে পারবেন।
গত মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্টিফেন দেজাররিক। ওই সাংবাদিকের প্রশ্ন ছিল রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও আইসিএইডিসহ ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশে মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। শাসকগোষ্ঠী যখন নির্বাচনের নামে পুরো দেশকে কারাগার বানিয়ে ফেলেছে, তখন এ আহ্বান এলো। বাংলাদেশের মৌলিক অধিকার ও ভোটের অধিকার উদ্ধারে জাতিসংঘ কী পদক্ষেপ নিচ্ছে?
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমি বলতে চাচ্ছি, আমরা এ ইস্যুতে যুক্ত থাকব। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আহ্বান জানাতে থাকব, যাতে প্রত্যেক বাংলাদেশি ভয়ভীতি বা যেকোনো প্রতিক্রিয়া থেকে মুক্ত থেকে ভোট দিতে পারেন।
শ্রম ইস্যুতে ওই সাংবাদিকের আরেকটি প্রশ্ন ছিল শ্রমিক অধিকার নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পৃথক বিবৃতি দিয়েছে। যেমনটি আপনি জানেন, শ্রমিকরা ন্যূনতম মজুরির জন্য আন্দোলন করছেন, সেখানে সরকার আক্রমণ করছে। তারা মজুরি পাচ্ছেন না। এ নিয়ে কী বলবেন?
এর জবাবে মহাসচিবের মুখপাত্র বলেন, আমাকে প্রশ্ন না করে, এ বিষয়ে আপনি আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) সহকর্মীদের কাছে জানতে চাইতে পারেন।’