দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে সংসদ সদস্য প্রার্থীদের আপিল শুনানি। গতকাল বৃহস্পতিবার পঞ্চম দিনে শুনানিতে ৪৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর নামঞ্জুর হয়েছে ৫২ জনের এবং সিদ্ধান্ত হয়নি চারজন প্রার্থীর।
গতকাল ইসির আপিলের শুনানি শেষে অবৈধ ঘোষণা করা হয় ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সালামের প্রার্থিতা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বৈধ ঘোষিত হন। তবে তার বিরুদ্ধে আপিল করেন বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদ খান। আপিলে আবদুস সালামের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ আনা হয়।
এদিকে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান মানিকের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আপিল শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার নির্বাচনী এলাকার ভোটারদের স্বাক্ষর আইডিসহ আমি জমা দিয়ে ছিলাম নির্বাচন কমিশনে। এ ছাড়া ঋণখেলাপির বিষয়ে যে অভিযোগ আনা হয়েছিল, আমার দুটি ব্যাংকের, সেগুলো আমি পরিশোধ করে সেই কাগজও জমা দিয়েছিলাম। কিন্তু আপিল শুনানিতে আমার প্রার্থিতা বাতিল করে দিল। আমার কোনো কথাই তারা শুনল না। এ রায়ের বিরুদ্ধে আমি অবশ্যই উচ্চ আদালতে যাব।’
এদিকে বিএনপি থেকে বহিষ্কৃত মেজর আখতারুজ্জামানের প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আপিল শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোটের পরিবেশ আছে কি না তার জন্য আমি ৭ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। প্রধানমন্ত্রী বলেছেন, এবার সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। উনার কথা বিশ্বাস করে আমি নির্বাচনে গিয়েছি। যদি ৭ জানুয়ারি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে আমি বাংলাদেশের আগামী আন্দোলনে একটি দেশলাই হিসেবে কাজ করব। আন্দোলনের আগুন হিসেবে কাজ করব, যেন আমি বলতে পারি আমি এ নির্বাচনে এসেছিলাম। সেই নির্বাচন সুষ্ঠু হয়নি, তার প্রমাণ আমি মেজর আখতারুজ্জামান।’
শুনানিতে এসে দুপক্ষের হাতাহাতি : নির্বাচন ভবনে আপিল শুনানিতে এসে হাতাহাতিতে জড়িয়েছেন কুমিল্লা-১ আসনের (দাউদকান্দি-তিতাস) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর এবং ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের সমর্থকরা। কটূক্তির জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়। তাৎক্ষণিক এ ঘটনায় দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।